সিরাজগঞ্জের শাহজাদপুর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাসিবুর রহমান স্বপন তুরস্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।
জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক শামসুজ্জামান আলো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাংসদ স্বপন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে বেশ কিছু দিন চিকিৎসাধীন ছিলেন। সম্প্রতি উন্নত চিকিৎসার জন্য তাকে তুরস্ক নেয়া হয়। বৃহস্পতিবার ভোরে সেখানেই তার মৃত্যু হয়।
সিরাজগঞ্জ-৬ আসনের এমপি হাসিবুর রহমান স্বপন শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। বয়স হয়েছিল ৬৭ বছর।
১৯৫৪ সালের ১৬ জুন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার দ্বারিয়াপুর গ্রামে জন্মগ্রহণ করেন হাসিবুর রহমান স্বপন। সংসদে তিন সিরাজগঞ্জের ভোটারদের প্রতিনিধিত্ব করেছেন তিনবার।
১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন সিরাজগঞ্জ-৭ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন স্বপন।
এরপর বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দিলে ১৯৯৮ সালে তিনি সংসদ সদস্য পদ হারান। এরপর তাকে তখনকার আওয়ামী লীগ সরকারের শিল্প উপমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।
পরে ২০১৪ সালের দশম ও ২০১৮ সালের একদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সিরাজগঞ্জ-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন হাসিবুর রহমান স্বপন।