সিনেমার সংলাপ নিয়ে আপত্তি, নেটফ্লিক্সকে বিজিএমইএর চিঠি


এফই ডেস্ক | Published: August 10, 2021 10:04:39 | Updated: August 10, 2021 15:32:10


সিনেমার সংলাপ নিয়ে আপত্তি, নেটফ্লিক্সকে বিজিএমইএর চিঠি

আন্তর্জাতিক ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাওয়া একটি ফরাসি সিনেমায় বাংলাদেশের পোশাক শিল্প নিয়ে একটি সংলাপের বিষয়ে আপত্তি জানিয়ে তা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

রোববার বিজিএমইএ সভাপতি ফারুক হাসান নেটফ্লিক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা থিওডোর অ্যান্থনি সারান্ডোসকে একটি চিঠিও দিয়েছেন।

ডেভিড শ্যারন পরিচালিত দ্য লাস্ট মার্সেনারি সিনেমাটি নেটফ্লিক্সে মুক্তি পায় গত ৩০ জুলাই। সিনেমার একটি সংলাপের ইংরেজি সাবটাইটেল ছিল এরকম- ইয়েস, বুলেটপ্রুফ টাক্সেডো, মেইড ইন ফ্রান্স। আই উড বি ডেড ইফ ইট ওয়্যার বাংলাদেশ।

বাংলায় এর মানে দাঁড়ায়, হ্যাঁ, এটা বুলেটপ্রুফ টাক্সেডো, ফ্রান্সে তৈরি। এটা বাংলাদেশে হয়ে থাকলে হয়ত মরেই যেতাম।

বিজিএমইএ সভাপতি তার চিঠিতে বলেন, এ ধরনের মন্তব্য বাংলাদেশের ৪০ লাখ পোশাক শ্রমিকের ত্যাগ, কঠোর পরিশ্রমের প্রতি অবমাননার শামিল। বাংলাদেশের তৈরি পোশাক যুক্তরাষ্ট্রসহ বিশ্বের ১৬০টি দেশে রপ্তানি হচ্ছে।

এ ধরনের অবমাননাকর মন্তব্য শুধু বাংলাদেশি পোশাক কারখানাগুলোর জন্যই অবমাননাকর নয়, বরং আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের দীর্ঘদিনের প্রচেষ্টার প্রতিও এক ধরনের অবজ্ঞা।

চিঠিতে বলা হয়, বিজিএমইএ বাংলাদেশের পোশাক রপ্তানিকারকদের পক্ষ থেকে এই ধরনের মন্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছে। আমি এ বিষয়ে অতি দ্রুত আপনার দৃষ্টি আকর্ষণ করছি। অবমাননাকর বক্তব্যগুলো সরিয়ে নেওয়ার দাবি জানাচ্ছি।

সংলাপটি সরিয়ে নেওয়ার আগ পর্যন্ত সিনেমাটির প্রচার বন্ধ রাখারও আহ্বান জানানো হয়েছে চিঠিতে।

নেটফ্লিক্সের পাশাপাশি পরিচালক ডেভিড শ্যারন, ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত, ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূতকেও চিঠির অনুলিপি দেওয়া হয়েছে।

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলারের কাছে পাঠানো আরেকটি চিঠিতে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, যখন বাংলাদেশের পোশাক খাত ইথিক্যাল ম্যানুফ্যাকচারিংয়ের দিক থেকে বিশ্বের দ্বিতীয় অবস্থানে পৌঁছেছে এবং পরিবেশবান্ধব ম্যানুফেকচারিংয়ের দিকে এগিয়ে যাচ্ছে, তখন এই ধরনের অবমাননাকর মন্তব্য আমাদেরকে হতবাক এবং ব্যথিত করেছে।

বিষয়টি নিয়ে বিজিএমইএর বক্তব্য যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিতে রাষ্ট্রদূতকে অনুরোধ জানিয়েছেন বিজিএমইএ সভাপতি।

Share if you like