Loading...

সব শিক্ষা প্রতিষ্ঠান আরও এক সপ্তাহ বন্ধ থাকবে

| Updated: May 16, 2021 20:49:42


সব শিক্ষা প্রতিষ্ঠান আরও এক সপ্তাহ বন্ধ থাকবে

মহামারীর মধ্যে শিক্ষক-শিক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানে চলমান ছুটি আরও এক সপ্তাহ বাড়িয়েছে সরকার।

শনিবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আগামী ২৯  মে পর্যন্ত ছুটি বাড়ানোর ঘোষণা এসেছে।

করোনাভাইরাসের সংক্রমণের কারণে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

গত ২৫ মার্চ শিক্ষা মন্ত্রণালয় স্কুল-কলেজে ২৩ মে থেকে পাঠদান শুরুর পরিকল্পনার কথা জানিয়েছিল।

তবে মহামারী পরিস্থিতির উন্নতি না হওয়ায় আরেক দফা ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, “বাংলাদেশসহ সারা বিশ্বে অতি সম্প্রতি সংক্রমণের ঊর্ধগতি পরিলক্ষিত হওয়ায় শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের স্বাস্হ্য সুরক্ষা ও সার্বিক নিরাপত্তার বিবেচনায় এবং কোভিড ১৯ সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির সাথে পরামর্শ করে চলমান ছুটি বৃদ্ধি করা হয়েছে।”

এই সময়ে অনলাইনে শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রাথমিক ও কিন্ডারগার্টেনের ছুটিও বাড়ল

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি এক সপ্তাহ বাড়ানোর পর রোববার সব ধরনের প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের চলমান ছুটি ২৯ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় বলেন, করোনাভাইরাসের সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞতিতে বলা হয়, সব সরকারি/বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের ক্ষেত্রেই এ ছুটির আদেশ প্রযোজ্য হবে। শিক্ষার্থীরা এ সময় নিজেদের বাসায় অবস্থান করবে। পাশাপাশি অনলাইন শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে।

“শিক্ষার্থীদের বাসায় অবস্থানের বিষয়টি অভিভাবকরা নিশ্চিত করবেন এবং স্থানীয় প্রশাসন তা নিবিড়ভাবে পরিবীক্ষন করবেন।”

শিক্ষার্থীরা যাতে বাসায় থেকে পড়ালেখা চালিয়ে যায়, প্রধান শিক্ষকদের তা অভিবাবকদের মাধ্যমে নিশ্চিত করতে বলেছে মন্ত্রণালয়।

বিশ্ববিদ্যালয়ের ছুটিও ২৯ মে পর্যন্ত

প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানের মত দেশের বিশ্ববিদ্যালয়গুলোর চলমান ছুটিও ২৯ মে পর্যন্ত বাড়ানোর কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

দেশে করোনাভাইরাস সংক্রমণের কারণে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

সংক্রমণ কিছুটা কমে আসার প্রেক্ষাপটে গত ২৫ মার্চ শিক্ষা মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয়ে ২৪ মে থেকে সরাসরি পাঠদান শুরুর ঘোষণা দিয়েছিল।

তবে মহামারীর দ্বিতীয় ঢেউয়ে আবার সব কিছু বদলে যেতে থাকে। ৫ এপ্রিল থেকে প্রথম পর্যায়ের লকডাউনের পর ১৪ এপ্রিল থেকে সর্বাত্মক লকডাউনের মধ্যে রয়েছে দেশ।

রোববার দুপুরে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, “শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষা ও সার্বিক নিরাপত্তার বিবেচনায় এবং কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির সাথে পরামর্শ করে দেশের সকল বিশ্ববিদ্যালয়ের ছুটি বৃদ্ধি করা হয়েছে।”

এই সময়ে অনলাইন শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Share if you like

Filter By Topic