ঢাকার পর চট্টগ্রামসহ সব মহানগরেই শিক্ষার্থীদের জন্য বাসে অর্ধেক ভাড়া নেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।
রোববার চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়ে শিক্ষার্থীদের রাজপথ ছেড়ে শিক্ষা প্রতিষ্ঠানে ফেরার আহবান জানান সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, আগামী ১১ ডিসেম্বর থেকে চট্টগ্রামে শিক্ষার্থদের হাফ ভাড়া কার্যকর হবে। চট্টগ্রামের মত অন্য যেসব মহানগরে সিটি সার্ভিস চালু আছে, সেসব শহরেও এ সুবিধা পাবে শিক্ষার্থীরা।খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
তবে ঢাকার মতই সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত বাসে অর্ধেক ভাড়া দিতে পারবে শিক্ষার্থীরা। সেজন্য যার যার শিক্ষাপ্রতিষ্ঠানের দেওয়া ছবিসব পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের বা সরকারি ছুটির দিনে অর্ধেক ভাড়া প্রযোজ্য হবে না।
মহানগর ছাড়া দেশের অন্য কোনো জেলা বা উপজেলায় কিংবা দূর পাল্লার বাসে হাফ ভাড়া নেওয়া হবে না।