সব ক্ষেত্রে তরুণদের সামনে নিয়ে আসার সময় এসেছে: রাদওয়ান মুজিব


FE Team | Published: December 20, 2021 20:31:28 | Updated: December 21, 2021 15:38:38


সব ক্ষেত্রে তরুণদের সামনে নিয়ে আসার সময় এসেছে: রাদওয়ান মুজিব

রাজনীতি, ব্যবসা-বাণিজ্যসহ সব ক্ষেত্রেই তরুণ সমাজকে দায়িত্ব দেওয়া এবং তাদের সামনে নিয়ে আসার সময় এসেছে বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধুর দৌহিত্র ও সিআরআইয়ের ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক।

রাজনীতি, ব্যবসা-বাণিজ্যসহ সব ক্ষেত্রেই তরুণ সমাজকে দায়িত্ব দেওয়া এবং তাদের সামনে নিয়ে আসার সময় এসেছে বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধুর দৌহিত্র ও সিআরআইয়ের ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক।

সোমবার জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের পঞ্চম আসরের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার পর রাদওয়ান মুজিব সিদ্দিক সমাজের জন্য কাজ করা তরুণ উদ্যোক্ত ও ব্যক্তিদের প্রশংসা করে বলেন, আপনারা যেভাবে কাজ করে যাচ্ছেন, এভাবেই কাজ করে যাবেন। আমরা আপনাদের কাছ থেকে অনেক উৎসাহ পাই। পৃথিবীতে এখন একটা কঠিন সময় যাচ্ছে। আমরা আপনাদের কাছ থেকে সাহসও পাই।

তরুণদের উদ্দেশে তিনি বলেন, আপনারাই হচ্ছেন আমাদের ভবিষ্যত। আর আমাদের যেটা করতে হবে, নট ওনলি টক ইন দ্যা টক, বাট ওয়াক ইন দ্য ওয়াক। আমাদের শুধু বললেই হবে না যে, তরুণ আমাদের, তরুণ সমাজের হাতে সব তুলে দেব।

তিনি বলেন, আসলে এখন সময় এসেছে আরো অনেক বেশি দায়িত্ব দেওয়া তরুণ সমাজের কাছে। সব ক্ষেত্রে। বিজনেস, পলিটিক্স, এনজিও সব ক্ষেত্রেই আমার এখন কমিটেড, তরুণ সমাজকে সামনে নিয়ে আসতে হবে এবং সাপোর্ট দিতে হবে।

ইয়াং বাংলা ও সিআরআইয়ের পক্ষ থেকে তরুণদের পাশে থাকার প্রত্যয় জানান রাদওয়ান মুজিব।

দেশ ও মানুষের কল্যাণে যেসব তরুণ উদ্যোক্তা ও সংগঠন কাজ করে যাচ্ছে, তাদের মধ্যে ৩১ ব্যক্তি ও সগঠনকে এ অনুষ্ঠানে পুরস্কৃত করা হয়।

আওয়ামী লীগের গবেষণা উইং সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন- সিআরআইয়ের অঙ্গ প্রতিষ্ঠান ইয়াং বাংলা ২০১৪ সাল থেকে এ পুরস্কার দিয়ে আসছে।

সাভারের শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের খোলা মাঠে (অডিটোরিয়ামের বাইরে) জাতীয় সংগীতের মাধ্যমে এ অনুষ্ঠান শুরু হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার তথ্য-প্রযুক্তি উপদেষ্টা ও সিআরআইয়ের চেয়ারম্যান সজীব ওয়াজেদ জয় অনুষ্ঠানে ভিডিও বক্তব্য দেন।

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সিআরআইয়ের ট্রাস্ট্রি রাদওয়ান মুজিব সিদ্দিক।

আওয়ামী লীগের গবেষণা উইং সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন- সিআরআইয়ের অঙ্গ প্রতিষ্ঠান ইয়াং বাংলা দেশের তরুণদের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম।

দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে তরুণ প্রজন্মকে সরাসরি অন্তর্ভুক্ত করার লক্ষ্যে তাদের নতুন ধারণা ও উদ্ভাবনগুলোকে তুলে আনার জন্যই ২০১৪ সালের ১৫ নভেম্বর আত্মপ্রকাশ করে ইয়াং বাংলা প্ল্যাটফর্ম।

৫০ হাজারের বেশি স্বেচ্ছাসেবী এবং ৩১৫টির বেশি সংগঠনকে সাথে নিয়ে চলা এ সংগঠনটির সদস্য সংখ্যা বর্তমানে প্রায় ৩ লাখ।

এ প্ল্যাটফর্ম থেকে তরুণদের ক্ষমতায়ন ও দেশ গঠনে তাদের অবদান তুলে ধরার জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। তরুণদের কাজের স্বীকৃতির জন্য জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে।

এছাড়া উদ্যোক্তা সৃষ্টি করতে প্রশিক্ষণ ও নানা ধরনের সহায়তা করছে ইয়াং বাংলা। রাদওয়ান মুজিব সিদ্দিক গবেষণা প্রতিষ্ঠান সিআরআইয়ের ট্রাস্টি হিসেবে প্রতিষ্ঠানটির দেখভাল করেন।

সিআরআইয়ের অঙ্গ প্রতিষ্ঠান ইয়ং বাংলার মাধ্যমে তরুণদের ক্ষমতায়ন ও উদ্বুদ্ধকরণের কাজ করছেন তিনি। সিআরআই থেকে প্রকাশিত নীতি-নির্ধারণী ম্যাগাজিন হোয়াইটবোর্ডের প্রধান সম্পাদক রাদওয়ান মুজিব।

Share if you like