Loading...
The Financial Express

সবাই বিসিবির পরিচালক হতে চায়, কিন্তু সভাপতি হতে চায় না: পাপন

| Updated: September 24, 2021 16:36:12


সবাই বিসিবির পরিচালক হতে চায়, কিন্তু সভাপতি হতে চায় না: পাপন

টানা দুই মেয়াদে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব পালন শেষে নাজমুল হাসান পাপন জানিয়েছেন তিনি সভাপতির দায়িত্বে আর থাকতে চান না এবং নতুন কাউকে এ দায়িত্ব নিতে এগিয়ে আসা দরকার।

তিনি এটাও বলেছেন, বিসিবির সভাপতির দায়িত্ব নিতে আগ্রহী কাউকে তিনি দেখছেন না।

বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদের শেষ সভা শেষে মঙ্গলবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এসব কথা জানান নাজমুল হাসান। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

তিনি বলেন, বিসিবি পরিচালক হতে অনেকেই মুখিয়ে থাকেন বলে জানালেন নাজমুল হাসান। কিন্তু বোর্ড প্রধান হতে আগ্রহী কাউকে তিনি দেখেন না।

“বাংলাদেশে নেতৃত্বের অভাব নেই। কিন্তু কোনো কারণে কেউ আসতে চায় না। পরিচালক হতে সবাই চায়। এমন কেউ নেই যে, পরিচালক হতে চায় না। কিন্তু প্রেসিডেন্ট পদের কথা বললে কেউ নাম বলে না। কেন বলে না, আমি জানি না।”

“আমি যদি এখানে থাকি, আমার একটা জিনিস মনে হচ্ছে যে… আমি মারা যাওয়ার আগ পর্যন্ত, আর কেউ এই পদ নিতে চাইবে না। আমি চাই, আমার বোর্ডে যে-ই আসুক, তাদের চ্যালেঞ্জ করা উচিত যে, আমি প্রেসিডেন্ট হতে চাই। তারা বলুক… এখন তো কেউ বলেও না।”

“এটা ভালো লক্ষণ নয়, এটা আপনাদের বলতে পারি। কারও জন্য কিছু আটকে থাকে না। আমাদের একটা পাইপলাইন থাকা উচিত, যারা নতুন নতুন দায়িত্ব নেবে। এটার জন্য আমি চাচ্ছি, নেতৃত্ব গড়ে ওঠা উচিত।”

নতুন কারও দায়িত্বে আসার সুযোগ রাখতে এবারের নির্বাচনে কোনো প্যানেল দিচ্ছেন না বলে ঘোষণা দিলেন নাজমুল হাসান।

“এবার উন্মুক্ত রাখতে চাই। আমি চেষ্টা করব, জানি না সফল হব কিনা। আমি পূর্ণ সমর্থন দেব, যে-ই আসুক। আমাদের কমিটিতে এতদিন যারা ছিল, আমরা যদিও হেরেও যাই, নতুন যে আসুক, পূর্ণ সমর্থন দেব। যখন যা বলবে, আমি করতে রাজি আছি।”

‘নতুন নতুন আইডিয়া, নতুন মাইন্ডস যদি না আসে ক্রিকেট বোর্ডে, তাহলে নতুন কিছু করার আইডিয়া আসে না। সব একই ধারায় চলতে থাকে। এবার তাই চাচ্ছি, মনে-প্রাণে মনে করি, নতুন লোকের আসা উচিত। সেজন্য এবারই প্রথম, আমার কোনো প্যানেল নেই। যে খুশি দাঁড়াতে পারবে। নির্বাচন হবে, যে জিতবে সে আসবে।”

“ওখানটায় যদি আমি জিতে আসি, প্রথমে আমি থাকব একজন পরিচালক। যদি তখন আমাকে কেউ বলে, আমার প্রথম আবেদনই থাকবে, প্রেসিডেন্ট হতে চাই না। তবে আমি সেখানে থাকব সাপোর্ট করার জন্য। তার পর কী হবে, জানি না। এটা পরের ওপর নির্ভর করবে। কিন্তু প্যানেল দিলে কেউ দাঁড়ায়ই না।”

 অন্য কেউ কেন আগ্রহী হন না, এই প্রশ্নে নাজমুল হাসানের উত্তর, “জানি না.. আমার মনে হয় আমিই সমস্যা… সমস্যাটা আমিই।”

বিসিবি নির্বাচনে শুরুতে কাউন্সিলরদের ভোটে নির্বাচিত করা হয় বিসিবি পরিচালকদের। এরপর পরিচালকদের ভোটে নির্বাচন করা হয় সভাপতি। ২০১২ সালে সরকারের মনোনয়নে ভারপ্রাপ্ত দায়িত্ব নেওয়ার পর ২০১৩ ও ২০১৭ সালের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন নাজমুল।

Share if you like

Filter By Topic