Loading...

সপ্তম ধাপে ইউপি ভোট সার্বিকভাবে ভালো হয়েছে: ইসি

| Updated: February 08, 2022 11:11:17


সপ্তম ধাপে ইউপি ভোট সার্বিকভাবে ভালো হয়েছে: ইসি

সপ্তম ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন ‘সার্বিকভাবে ভালো হয়েছে’ বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

সোমবার ভোট শেষে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এ প্রতিক্রিয়া জানান ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

এদিন চট্টগ্রামের সাতকানিয়ার নলুয়া ও বাজালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে সংঘাতে দুইজন নিহত হয়েছেন।

ইসির অতিরিক্ত সচিব জানান, দু’জন ব্যক্তি নির্বাচনী সংহিসতায় মারা গেছে। তারা ভোটকেন্দ্রের বাইরে মারামারিতে নিহত হয়েছেন। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে স্থানীয় প্রশাসন ব্যবস্থা নেবে।

“আমরা স্থানীয় প্রশাসনের চাহিদা মোতাবেক অতিরিক্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করে থাকি। নির্বাচন কমিশন জীবনহানি আশা করে না। কিন্তু এরপরও অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটে গেছে।”

ইসি কর্মকর্তা জানান, সোমবার ১৩৬ ইউপিতে ভোট হয়েছে। বিকাল সাড়ে পাঁচটার তথ্য অনুযায়ী ব্যালট পেপারে বিভিন্ন এলাকায় গড়ে ভোট পড়েছে ৬৫ শতাংশের মতো। আর ইভিএমে পড়েছে ৬১ শতাংশের মতো।

“গণনা শেষ হলে প্রকৃত চিত্র পাওয়া যাবে। … ওভারঅল নির্বাচন ভালো হয়েছে। উৎসব মুখর পরিবেশে ভোট হয়েছে,” বলেন তিনি।

অনিয়মে জড়িতদের বিষয়ে কঠোর অবস্থানের কথা তুলে ধরে অশোক কুমার দেবনাথ বলেন, “অনিয়মে জড়িত ইসির কর্মকর্তাদের বিরুদ্ধে স্ট্রং ব্যবস্থা নেওয়া হয়েছে। অনেকে সাময়িক বরখাস্ত অবস্থায় আছেন।

“অনেকের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে। এগুলোর তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হলে চাকরি চলে যাওয়ার মতো স্থায়ীভাবে বরখাস্ত করা হবে।”

ব্রিফিংয়ের সময় জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক একেএম হুমায়ূন কবীর, ইসির যুগ্ম-সচিব ফরহাদ আহাম্মদ খান ও ইসির জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান উপস্থিত ছিলেন। 

আগামী ১৪ ফেব্রুয়ারি বর্তমান ইসির মেয়াদ শেষ হওয়ার আগে স্থানীয় সরকারের শেষ নির্বাচনে চার হাজার একশর মতো ইউপির ভোট হয়েছে। আরও ৮ ইউপির ভোট হবে ১০ ফেব্রুয়ারি।

Share if you like

Filter By Topic