সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যের পদত্যাগ দাবিতে প্রায় একমাস ধরে চলা আন্দোলন শেষে প্রথমবারের মতো প্রকাশ্যে বক্তব্য রাখতে গিয়ে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেছেন, সত্য ও ন্যায় বিজয়ী হয়েছে। সত্য টিকে আছে, মিথ্যা পরাভূত হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে সিলেটের স্থানীয় গণমাধ্যম কর্তৃক সরাসরি সম্প্রচারিত ভিডিওতে দেখা যায়, সোমবার সকালে ‘বিশ্ববিদ্যালয় দিবস’ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা শেষে এক বক্তব্যে অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে এমন মন্তব্য করছেন।
এ বক্তব্যে তিনি কোনো অন্যায়ের কাছে মাথা নত না করারও অঙ্গীকার করেন ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, উপাচার্যের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে ১৬ জানুয়ারি থেকে টানা ২৬ দিন ঘরবন্দি ছিলেন ফরিদ উদ্দিন আহমেদ। এ সময়ে শিক্ষাকার্যক্রমও বন্ধ ছিল।
রোববার সিন্ডিকেটের বৈঠকে হল ও ক্যাম্পাস খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়। সোমবার ছিল বিশ্ববিদ্যালয়ের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ফরিদ উদ্দিন বলেন, “রোববার আমাদের বিশ্ববিদ্যালয় ৩১ বছর পার করেছে। বিগত কিছুদিন আমাদের বিশ্ববিদ্যালয়ে অনাকাঙ্ক্ষিত একটা পরিবেশ তৈরি হয়েছিল, সেটা কাটিয়ে উঠতে সরকার, সিলেটের মানুষ, রাজনৈতিক নেতা, শিক্ষক-শিক্ষার্থীসহ অনেকে কাজ করেছে। আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।“
এ সময় বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
আগামী দুই বছরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থী হলে উঠতে পারবে উল্লেখ করে ভিসি বলেন, “আমরা এ বছর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য চারটি বাস নিয়ে আসব। দুই-এক বছরের মধ্যে শতভাগ শিক্ষার্থীর হলে থাকতে পারবে।”
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সুনাম করে ফরিদ উদ্দিন বলেন, “বর্তমানে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয় থেকে এগিয়ে আছে।“
তিনি শিক্ষার্থীদের আগের মতো ক্লাস-পড়াশোনায় মনোযোগ দেওয়ার আহ্বান জানান।
এ সময় হল ও ক্যাম্পাস খোলার বিষয়টি উল্লেখ করে ভিসি বলেন, হল আজকে থেকে খুলে দেওয়া হয়েছে; আগামীকাল থেকে অনলাইনে ক্লাস শুরু হবে।
“সব ঠিক থাকলে আগামী ২২ ফেব্রুয়ারি থেকে সশরীরে ক্লাস শুরু হবে। আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ফিরিয়ে আনতে সহযোগিতা করায়”, যোগ করেন ফরিদ উদ্দিন।
শাবির শিক্ষা-গবেষণার মান ভালো জানিয়ে অবকাঠামোগত উন্নয়নও বহুগুণ বেড়েছে বলে জানান ভিসি।
ফরিদ উদ্দিন বলেন, "গত কয়েক বছরের মধ্যে আমাদের অবকাঠামোগত উন্নয়নের গতি বেড়েছে কয়েকগুণ। বর্তমানে আমাদের শিক্ষা-গবেষণার মান অনেক ভালো।"
তিনি বলেন, “সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও মানবিকতায় অন্যান্য বিশ্ববিদ্যালয়ের রোল মডেল শাহজালাল বিশ্ববিদ্যালয়।… এই বিশ্ববিদ্যালয় আগামী তিন বছর পর পুরো বাংলাদেশের একটি রোল মডেল হবে।
“বিভিন্ন জায়গা থেকে মানুষ দেখতে আসবে এই বিশ্ববিদ্যালয়। শিক্ষা, গবেষণা ও অবকাঠামোর উন্নয়নে এই বিশ্ববিদ্যালয়ের ধারেকাছে কোনো বিশ্ববিদ্যালয় থাকবে না”, যোগ করেন উপাচার্য।
