Loading...
The Financial Express

সংসদের বাজেট অধিবেশন শুরু

| Updated: June 06, 2022 09:37:48


ফাইল ছবি (সংগৃহীত) ফাইল ছবি (সংগৃহীত)

একাদশ জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশন শুরু হয়েছে। এই অধিবেশনেই আগামী ৯ জুন ২০২২-২৩ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

রোববার বিকাল ৫টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

শুরুতে স্পিকার সভাপতিমণ্ডলী মনোনয়ন করেন। এ অধিবেশনের সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন-  শামসুল হক টুকু, এ বি তাজুল ইসলাম, মুহিবুর রহমান মানিক, মুজিবুল হক চুন্নু, শামীমা আক্তার খানম।

স্পিকার-ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে তাদের মধ্যে অগ্রবর্তীজন অধিবেশনে সভাপতিত্ব করবেন।

সভাপতিমণ্ডলীর মনোনয়নের পর স্পিকার শোক প্রস্তাব উত্থাপন করেন।

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে আগুনের পর বিস্ফোরণে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ  প্রকাশ করে সংসদ। এছাড়া আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়।

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সাবেক সংসদ সদস্য জুবেদ আলী, সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী গৌতম চক্রবর্তী, বি এম নজরুল ইসলাম, শাহ জিকরুল আহমেদ, খন্দকার আবদুল জলিল, আশিকা আকবর, পারভীন সুলতানার মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।

এছাড়া একুশের গানের রচয়িতা, কলামিস্ট আবদুল গাফফার চৌধুরী, বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত আইজি এ কে এম সামসুদ্দিন, আবৃত্তিশিল্পী হাসান আরিফ, কিশোরগঞ্জ জেলা বারের সাবেক সভাপতি শাহ আজিজুল হক, চট্টগ্রামের বিশিষ্ট সাংবাদিক মোস্তফা কামাল পাশা, রংপুরের পীরগঞ্জের বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান দুলু ও মোজাম্মেল হক, বিশিষ্ট ব্যবসায়ী কাজী একরাম উল্লাহ, সাবেক ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল, বলিউডের জনপ্রিয় গায়ক কৃষ্ণকুমার কুন্নাথের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।

এছাড়া সম্প্রতি যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি প্রাইমারি স্কুলে বন্দুকধারীর গুলিতে নিহত, নেপালে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত, দেশ-বিদেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতদের স্মরণে শোক প্রকাশ করা হয়।

শোকপ্রস্তাব উপস্থাপনের পর এক মিনিট নীরবতা পালন এবং মোনাজাত করা হয়।

মহামারীর কারণে এর আগের দুই বছরের বাজেট অধিবেশন সংক্ষিপ্ত ছিল। বাজেট উত্থাপনের পর সম্পূরক বাজেট নিয়ে আলোচনা ও পাস এবং নতুন অর্থবছরের বাজেট নিয়ে আলোচনা করবেন সংসদ সদস্যরা। এবারের অধিবেশনে স্বাস্থ্যবিধি মানা হলেও কড়াকড়ি কিছুটা কম দেখা গেছে।

মহামারীকালের অন্য অধিবেশনের মত এবারও সংসদ সদস্যদের করোনাভাইরাস নেগেটিভ সনদ নিতে হবে। তবে এবার নির্দিষ্ট দিনের জন্য তালিকা করে সংসদ কক্ষে ঢোকানোর নিয়ম থাকছে না। করোনাভাইরাস নেগেটিভ সনদ থাকলেই সব আইন প্রণেতা অধিবেশনে বসতে পারবেন।

এ অধিবেশন মহামারীকালের অন্য বাজেট অধিবেশনগুলোর চেয়ে দীর্ঘ হতে পারে। করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্যবিধি মানা হলেও আগের মত কড়াকড়ি থাকবে না, তবে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক।

অধিবেশন চলাকালে সংসদের কর্মকর্তা-কর্মচারীদের এবং গণমাধ্যম কর্মীদের সংসদে প্রবেশের সুযোগ দেওয়া হবে।

Share if you like

Filter By Topic