Loading...

শীতলক্ষ্যায় লঞ্চডুবি: পাঁচজনের লাশ উদ্ধার, বিআইডব্লিউটিএ’র হটলাইন ১৬১১৩ চালু

লঞ্চ ডুবানো জাহাজ মুন্সীগঞ্জে আটক, চালক পলাতক


| Updated: March 21, 2022 10:08:50


শীতলক্ষ্যায় লঞ্চডুবি: পাঁচজনের লাশ উদ্ধার, বিআইডব্লিউটিএ’র হটলাইন ১৬১১৩ চালু

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে যাত্রীবাহী লঞ্চকে ডুবিয়ে পালিয়ে যাওয়া মালবাহী জাহাজটিকে মুন্সীগঞ্জের একটি ডকইয়ার্ড থেকে আটক করা হয়েছে।

নারায়ণগঞ্জ সদর নৌ থানার ওসি মনিরুজ্জামান বলেন, দুর্ঘটনার পর পরই জাহাজটি নিয়ে পালিয়ে যায় মাস্টার। তারপর জাহাজটিকে মুন্সীগঞ্জের হোসনিবাগ ডকইয়ার্ডে রেখে সবাই পালিয়ে যায়। সেখান থেকেই জাহাজটি আটক করা হয়েছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

রোববার নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনাল থেকে যাত্রী নিয়ে মুন্সীগঞ্জের উদ্দেশে রওনা হয়েছিল এম এল আশরাফ উদ্দিন-২ নামের লঞ্চটি। বেলা ২টার দিকে সোনাকান্দা এলাকায় কয়লা ঘাটের কাছে রূপসী-৯ জাহাজটি পেছন থেকে চাপা দিয়ে ডুবিয়ে দেয়

এখন পর্যন্ত পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দুজন শিশু, দুজন নারী ও একজন পুরুষ।

ঠিক কতজন নিখোঁজ আছেন, তা এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় নৌ পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আ ন ম বজলুর রশীদকে আহ্বায়ক করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অন্য দুই সদস্য হলেন- ক্যাপ্টেন আবু সাইদ মোহাম্মদ দেলোয়ার রহমান ও বিআইডব্লিউটিএ এর পরিচালক (নৌনিরাপত্তা ও ট্রাফিক)।

আগামী তিন কার্যদিবসের মধ্যে কমিটিকে নৌ পরিবহন মন্ত্রণালয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এ ছাড়া লঞ্চডুবির ঘটনায় জরুরি যোগাযোগের জন্য বিআইডব্লিউটিএ একটি ‘হটলাইন’ খুলেছে; যারা নম্বর-১৬১১৩।

সদর নৌ থানার ওসি মনিরুজ্জামান বলেন, রূপসী-৯ সিটি গ্রপের মালিকানাধীন একটি কার্গো জাহাজ। জাহাজ চলাচাল সম্পর্কিত ওয়েবসাইট ভেসেলফাইন্ডারে রূপসী-৯ এর মালিক হিসাবে সিটি সিড ক্রাশিং ইন্ডাস্ট্রিজের নাম রয়েছে।

এ বিষয়ে কথা বলার জন্য সিটি গ্রুপের পরিচালক পরিচালক বিশ্বজিত সাহাকে ফোন করা হলেও তিনি ধরেননি।

রাকিব আল রাজু নামে একজন কাছের আরেকটি লঞ্চ থেকে ওই ঘটনার ভিডিও মোবাইল ফোনে ধারণ করে ফেইসবুকে দিলে তা ভাইরাল হয়ে যায়। সেখানে দেখা যায়, রূপসী-৯ জাহাজটি একপাশ থেকে চলন্ত লঞ্চটির ওপর চেপে বসে। লঞ্চের আতঙ্কিত যাত্রীরা নদীতে লাফিয়ে পড়তে শুরু করেন। এ অবস্থা চলে প্রায় ২৫ সেকেন্ড। এক পর্যায়ে লঞ্চটি ডুবে যায়।

ওসি মনিরুজ্জামান বলেন, “ঘটনাস্থলে নৌ পুলিশ ও বিআইডব্লিউটিএ উদ্ধারকাজ শুরু করেছে। অনেকে সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও হতাহত বাড়ার শঙ্কা রয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দলও সেখানে উদ্ধার কাজে অংশ নিচ্ছে।”

Share if you like

Filter By Topic