শিক্ষা প্রতিষ্ঠান ফের বন্ধ করতে চাই না: শিক্ষামন্ত্রী


FE Team | Published: February 22, 2022 17:42:54 | Updated: February 23, 2022 10:15:24


শিক্ষা প্রতিষ্ঠান ফের বন্ধ করতে চাই না: শিক্ষামন্ত্রী

করোনাভাইরাসের সংক্রমণের কারণে আবার যেন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিতে না হয় সেজন্য সবাইকে স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

তিনি বলেছেন, কঠোরভাবে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের সচেতন থাকতে হবে। করোনার কারণে আবারও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করতে আমরা চাই না।

কোভিডের নতুন ধরন ওমিক্রনের উদ্বেগের মধ্যে গত ২১ জানুয়ারী শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয় সরকার। সংক্রমণ কমায় এক মাস পর মঙ্গলবার আবার শ্রেণিকক্ষে ফিরেছে শিক্ষার্থীরা।

এদিন ষষ্ঠ শ্রেণিতে নতুন জাতীয় শিক্ষাক্রমের পরীক্ষামূলক পাঠদান শুরু হয়েছে ৬২টি শিক্ষা প্রতিষ্ঠানে। এ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানেই কথা বলছিলেন শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, নতুন শিক্ষাক্রমে শিক্ষার্থীরা আরও দক্ষ; হয়ে উঠবে বলেই তারা আশা করছেন।

পরীক্ষামূলক এই পাঠদানে কোনো সমস্যা হলে তা জানাতে শিক্ষক-শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

দীপু মনি বলেন, একবারেই যে পুরোপুরি লক্ষ্যে পৌঁছে যাব তা নয়। আমরা চেষ্টা করব সবচেয়ে ভালো শিক্ষাক্রম যেন প্রণয়ন করতে পারি।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড- এনসিটিবি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এনসিটিবির সদস্য অধ্যাপক মশিউজ্জামানের সঞ্চালনায় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীও বক্তব্য দেন ।

Share if you like