শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান


FE Team | Published: May 01, 2021 18:05:00 | Updated: May 01, 2021 20:25:01


৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের কারণে কয়েক ঘণ্টা বুলেট ট্রেন সার্ভিস বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন জাপানের উত্তরাঞ্চলের অনেক যাত্রী। ছবি রয়টার্স থেকে নেওয়া

জাপানের উত্তরপূর্বাঞ্চল ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্পে কেঁপে উঠলেও এতে এখন পর্যন্ত কারও মৃত্যু বা গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

শনিবার স্থানীয় সময় সকাল ১০টা ২৭ মিনিটের দিকে হওয়া এ ভূমিকম্পে দেশটির রাজধানী টোকিওর অনেক ভবনও নড়ে ওঠে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি না হলেও উপকেন্দ্রের কাছাকাছি এলাকায় ভূমিধসের ঘটনা দেখা যেতে পারে বলে সতর্ক করেছে জাপানের আবহাওয়া বিষয়ক সংস্থা জেএমএ।

আগামী এক সপ্তাহের মধ্যে ভূমিকম্পটির পরাঘাতও অনুভূত হতে পারে, বলেছে তারা।

শক্তিশালী এ ভূমিকম্পের পরও ফুকুশিমার দাইচি পরমাণু কেন্দ্র ও দাইনি স্থাপনার কাজে কোনো ধরনের বিঘ্ন ঘটেনি বলে জানিয়েছে টোকিও ইলেকট্রিক পাওয়ার।

২০১১ সালে উত্তরপূর্ব জাপানে হওয়া এক ভূমিকম্প ও সুনামিতে দাইচি কেন্দ্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল।

উপকেন্দ্রের কাছে হলেও ভূমিকম্পে ওনাগাওয়া পরমাণু স্টেশনেও কোনো সমস্যা দেখা যায়নি বলে জানিয়েছে এর পরিচালনাকারী প্রতিষ্ঠান তোহোকু ইলেকট্রিক পাওয়ার কোম্পানি ইনকরপোরেট।

ভূমিকম্পের কারণে জাপানের উত্তরাঞ্চলে বুলেট ট্রেন সার্ভিস কয়েক ঘণ্টার জন্য বন্ধ ছিল, বিকালের দিকে সেটি ফের চালু হয়।

Share if you like