লিংকডইনের ব্যবহার যেভাবে ক্যারিয়ারে এগিয়ে দেয়


শবনম জাবীন চৌধুরী | Published: December 05, 2021 16:28:29 | Updated: December 05, 2021 18:37:51


লিংকডইনের ব্যবহার যেভাবে ক্যারিয়ারে এগিয়ে দেয়

ফেসবুক, টুইটারের মতো লিংকড-ইনও একটি সামাজিক যোগাযোগ মাধ্যম। তবে ব্যবহারের দিক থেকে বিবেচনা করলে দেখা যায় পেশাজীবীরাই এই প্ল্যাটফর্মটি অধিক ব্যবহার করে থাকেন।

চাকরির সন্ধানে আমরা যেমন আমাদের ব্যক্তিগত বৃত্তান্তসহ পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতা এবং শিক্ষাজীবনের বিস্তারিত উল্লেখ করে সিভি তৈরি করি, অনুরূপ তথ্যাবলী দিয়ে লিংকড-ইনেও একটি প্রোফাইল থাকে। এ প্রোফাইল মূলত আপনার কর্মজীবনের প্রতিচ্ছবি।

চাকরির সন্ধান এবং পেশাগত জীবনে অভিজ্ঞদের পরামর্শ ও বিভিন্ন সময়ে লিংকডইনে তাদের শেয়ারকৃত পোস্টগুলোর মাধ্যমে আমরা তাদের কর্মজীবনের অবদান সম্পর্কে জানতে পারি।

সময়ের সাথে সাথে আপনি যে পেশায় রয়েছেন বা যে পেশাতে নিজের ক্যারিয়ার গড়তে চান, সেই পেশায় কর্মরত মানুষের সাথে একটি নেটওয়ার্ক গড়ে তুলতে পারবেন যা অন্য কোনো সামাজিক মাধ্যমে সম্ভবপর হয়ে ওঠে না।

আজকে যারা ছাত্র তারাই ভবিষ্যতের একেকজন প্রতিভাবান ও কর্মদক্ষ পেশাজীবী। ভাবছেন ছাত্রাবস্থায়, বিশেষত বিশ্ববিদ্যালয়ে উচ্চতর শিক্ষা গ্রহণের পাশাপাশি লিংকডইনে একটি প্রোফাইল তৈরি করা এবং মাঝে মাঝে এর হোমপেজে খানিকটা সময় ব্যয় করে বিভিন্ন পেশায় কর্মরত ব্যক্তিদের পোস্টগুলো কেনই বা পড়বেন?

উত্তরটা যদি খুব সহজ করে বলা হয় তাহলে বলতে হয় ভবিষ্যতের চাকরি যুদ্ধে অবতীর্ণ হওয়ার আগে নিজেকে একটু একটু করে তৈরি করার অনেকগুলো পদক্ষেপের মধ্যে এটি অন্যতম পদক্ষেপ। আসুন এবার এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা যাক-

চাকরির দুনিয়ায় নিজের একটি পরিচয় গড়ে তুলুন

লিংকড-ইনে আপনার প্রোফাইলটিই আপনার পরিচিতি। বিশ্ববিদ্যালয়, কর্মক্ষেত্র, সহকর্মী নির্বিশেষে যাদের সাথে আপনি যুক্ত থাকতে চান তারা আপনার প্রোফাইলে প্রদত্ত তথ্যাবলী দেখেই আপনাকে যাচাই করবে। চাকরি-দুনিয়া সম্পর্কে নিজের মনের প্রশ্নগুলো ও আপনার কাছে নতুন কোন আইডিয়া থাকলে সেগুলো শেয়ার করতে পারেন। নিয়মিত এবং গঠনমূলক আলোচনার মাধ্যমে ছাত্রাবস্থা থেকেই আপনি লিংকড-ইনে একটি নতুন পরিচিত মুখ হয়ে উঠতে পারেন।

নেটওয়ার্ক তৈরি

বিশ্বের নানা প্রান্তে বিভিন্ন ক্ষেত্রে কর্মরত দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তিরা রয়েছেন লিংকড-ইনে। তাই ভবিষ্যতে আপনি যে খাতে নিজের ক্যারিয়ার গড়তে চান, সেই ক্ষেত্রে কর্মরত ব্যক্তিদের সাথে যোগাযোগ করার ও পরামর্শ গ্রহণের সুযোগ দিয়ে থাকে লিংকড-ইন। তাই ছাত্রাবস্থায় আপনি ভবিষ্যৎ চাকরি জীবনের জন্য সম্যক ধারণা নিয়ে নিজেকে সেই রূপে প্রস্তুত করতে পারবেন।

রিকমেন্ডেশন এবং এনডরসমেন্টের মাধ্যমে নিজের কর্মদক্ষতাকে ভরসাযোগ্য করে তুলুন

আপনার নেটওয়ার্কে যারা রয়েছেন এবং আপনার দক্ষতা সম্পর্কে প্রকৃতপক্ষে যারা জানেন তারা আপনার দক্ষতাগুলোকে এনডোরস করে দিতে পারে। শুধু তাই নয় ছাত্রাবস্থায় আপনার প্রতিষ্ঠানের শিক্ষক বা কর্মকর্তা আপনাকে রিকমেন্ড করতে পারে। এ দুইই আপনাকে ভবিষ্যতে কর্মক্ষেত্রে প্রবেশের সময় আপনার দক্ষতাগুলোকে সকলের কাছে ভরসাযোগ্য করে তুলবে।

নিজের দক্ষতা যাচাই

চাকরিক্ষেত্র নিয়ে নিয়োগদাতারা বর্তমানে কি ধরনের বার্তা শেয়ার করছেন, নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের কোন দক্ষতাগুলোকে প্রাধাণ্য দেওয়া হচ্ছে এবং তার জন্য নিজে আপনি কতটুকু প্রস্তুত তা খুব সহজেই নিরুপণ করতে পারবেন এবং নিজেকে সেইভাবে প্রস্তুত করার সুযোগ পাবেন।

কাঙ্ক্ষিত নিয়োগ প্রতিষ্ঠান সম্পর্কে সম্যক জ্ঞান আহরণ

আপনি ভবিষ্যতে যে প্রতিষ্ঠানে নিজের কর্ম জীবন শুরু করতে ইচ্ছুক সেই কোম্পানীর লিংকড-ইন পেজটিতে নিয়মিত চোখ রাখলে তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে আপনি একটা ধারণা পেয়ে যাবেন এবং চাকরি যুদ্ধে নামার পূর্বে সঠিকভাবে প্রস্তুতি নিতে পারবেন।

চাকরি তথ্য

লিংকড-ইনে প্রচুর চাকরির অফার থাকে এবং কিছু কিছু চাকরির বিজ্ঞাপন কেবলমাত্র লিংকড-ইনেই প্রকাশ করা হয়ে থাকে। আপনি চাইলে পছন্দের ক্যাটাগরি নির্বাচন করে ই-মেইল এলার্টটি চালু করে রাখতে পারেন। ফলে ওই নির্দিষ্ট ক্যাটাগরি অনুযায়ী কোনো চাকরির বিজ্ঞাপন এলে সাথে সাথে আপনাকে ই-মেইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

এছাড়াও স্টুডেন্ট জবস পোর্টাল নামক একটি অপশন আছে যেখানে আপনি বিভিন্ন ধরনের ইন্টার্নশীপ ও এন্ট্রি লেভেলের চাকরিগুলো সম্পর্কে জানতে পারবেন।

নিয়োগ প্রতিষ্ঠানের নিকট নিজের যোগ্যতা প্রদর্শন

বর্তমানে বেশিরভাগ প্রতিষ্ঠান বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মাধ্যমে প্রতিভাবান প্রার্থীর অন্বেষণ করে থাকেন। একটি ভালো ও বিস্তারিত বর্ণনাসম্পন্ন প্রোফাইল আপনাকে প্রতিষ্ঠানগুলোর কাছে গ্রহণযোগ্য করে তুলবে। মনে রাখবেন, এই প্রোফাইলই আপনার পরিচায়ক।

আপনার শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তনদের ক্যারিয়ার সম্পর্কে ধারণা

ছাত্রাবস্থায় আপনি যখন ভবিষ্যতের পেশাজীবনের স্বপ্ন বুনতে শুরু করেছেন, সেক্ষেত্রে আপনার প্রতিষ্ঠানের প্রাক্তনরা বর্তমানে কোন কোন কর্মক্ষেত্রে রয়েছেন এবং আপনি যে ক্ষেত্রে ক্যারিয়ার গড়তে চাইছেন সেই সেক্টরে কারা রয়েছেন তা খুব সহজেই খুঁজে বের করতে পারবেন লিংকড-ইনের অ্যালুমনাই টুল ব্যবহারের মাধ্যমে। তাদের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করুন, নিজের ইমপ্রুভমেন্ট এরিয়াগুলো নিয়ে তাদের সাথে কথা বলুন। পরিশেষে লাভবান কিন্তু আপনিই হবেন।

শবনম জাবীন চৌধুরী ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ফার্মেসি বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেছেন।

zabin860@gmail.com

Share if you like