লকডাউনে রাস্তায় নাটকের শুটিং, থানায় মুচলেকা দিয়ে রেহাই


FE Team | Published: July 06, 2021 16:23:23 | Updated: July 06, 2021 20:23:40


প্রতিনিধিত্বশীল ছবি

কঠোর লকডাউনে স্বাস্থ্যবিধি ভেঙে রাস্তায় শুটিং করায় পরিচালক নাসিরউদ্দিন মাসুদের একটি টিভি নাটকের শুটিং ইউনিটের ডজনখানেক সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়ার পর মুচলেকা রেখে ছেড়ে দিয়েছে খিলগাঁও থানা পুলিশ।

খিলগাঁও থানার ওসি ফারুকুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খিলগাঁওয়ের সি ব্লকে শুটিংয়ের সময় ভিড় হওয়ায় পরিচালকসহ ইউনিটের সদস্যদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়।

শুটিংয়ের আশেপাশে অনেক লোকজন হয়েছিল। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাদের থানায় নিয়ে আসা হয়েছিল। অনুমতির কোনো কাগজপত্র তারা দেখাতে পারেননি। পরে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছি।

জিজ্ঞাসাবাদের জন্য যাদের থানায় নেওয়া হয়েছিল তাদের মধ্যে পরিচালক নাসিরউদ্দিন মাসুদসহ নাটকের চিত্রগ্রাহক ও কলাকুশলীরা ছিলেন। তাদের ছাড়িয়ে আনতে সোমবার সন্ধ্যায় খিলগাঁও থানায় গিয়েছিলেন অভিনেতা-নির্মাতা হাসান জাহাঙ্গীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, নাসির উদ্দিন মাসুদের ওই নাটকের শুটিয়ে ১২ জনের মত কলাকুশলী ছিলেন। ঘটনা জানতে পেলে তিনি সন্ধ্যায় থানায় যান। স্থানীয় কয়েকজন আওয়ামী লীগ নেতার সহযোগিতায় মুচলেকা দিয়ে তাদের ছাড়িয়ে আনেন।

পুলিশ কাগজপত্র না পাওয়ার কথা বললেও পরিচালক নাসিরউদ্দিন মাসুদ দাবি করেছেন, শুটিংয়ের অনুমতি তাদের ছিল।


মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, আমাদের পারমিশন নেওয়া ছিল। থানায় গিয়ে কথাও বলা ছিল। কিন্তু সেটা ডিসি সাহেবের নজরে ছিল না। সে কারণে থানায় গিয়ে লিখিত দিয়ে চলে এসেছি।

নাটকের নাম জানতে চাইলে তা বলতে রাজি হননি নাসিরউদ্দিন মাসুদ।খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

Share if you like