রোদ-ঝলমলে সকালে ফলো-অন এড়ানোর লড়াইয়ে বাংলাদেশ
এফই অনলাইন ডেস্ক |
Published:
December 08, 2021 09:41:52
| Updated:
December 08, 2021 17:56:57
মিরপুর টেস্টের শেষ দিনে ম্যাচ বাঁচানোর লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ।
উজ্জীবিত পাকিস্তান
নিষ্প্রাণ ম্যাচেও প্রাণ ফিরিয়ে আনার পর পাকিস্তান শেষ দিন শুরু করবে দারুণ এক জয়ের আশায়। বাংলাদেশের ৭ উইকেটের ৬টিই নিয়েছেন যিনি, সেই সাজিদ খান চতুর্থ দিন শেষে সরাসরিই বলেছেন, শেষ দিনে বাংলাদেশের ১৩ উইকেট নিয়ে ম্যাচ জিততে চান তারা। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
শঙ্কা নিয়ে অপেক্ষায় বাংলাদেশ
প্রকৃতির আঁধার কেটে গেলেও বাংলাদেশের ড্রেসিং রুম এখন ডুবে অন্ধকারে। প্রথম চার দিনের মধ্যে ওভারের হিসেবে আড়াই দিনের বেশি খেলা হয়নি, তার পরও সামনে ঝুলছে হারের খড়গ।
৪ উইকেটে ৩০০ রানে পাকিস্তান প্রথম ইনিংস ঘোষণার পর বাংলাদেশ চতুর্থ দিন শেষ করে ৭ উইকেটে ৭৬ রান নিয়ে। ফলো-অন এড়াতেই প্রয়োজন আরও ২৫ রান!
উইকেটে সাকিব আল হাসানের সঙ্গী তাইজুল ইসলাম। ফলো-অন এড়াতে না পারলে বাংলাদেশের হারের শঙ্কাও প্রবল হয়ে উঠবে আরও।
উজ্জ্বল সকাল
প্রকৃতির প্রতিবন্ধকতায় টানা চারদিনের খেলা বাধাগ্রস্ত হওয়ার পর অবশেষে একটি পূর্ণাঙ্গ দিন পাওয়ার আশা। বৃহস্পতিবার সকাল থেকেই আকাশে ঝলমলে রোদ। কালো মেঘের ছায়া নেই একটুও। উইকেটে নেই কাভার। ছোট রোলার দিয়ে আম্পায়ারের তত্ত্বাবধানে চলছে হালকা রোলিং।
দুই দলই সময়মতো চলে এসেছে মাঠে। চলছে গা-গরম করা, হালকা ব্যাটিং-বোলিং অনুশীলনেরপ পালা।
চতুর্থ দিন শেষে সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান ১ম ইনিংস: ৯৮.৩ ওভারে ৩০০/৪ (ডি.) (আগের দিন ১৮৮/২) (আবিদ ৩৯, শফিক ২৫, আজহার ৫৬, বাবর ৭৬, ফাওয়াদ ৫০*, রিজওয়ান ৫৩*; ইবাদত ২৩-৩-৮৮-১, খালেদ ১৭.৩-৫-৪৯-১, সাকিব ১৯-৭-৫২-০, তাইজুল ২৫-৬-৭৩-২, মিরাজ ১৪-২-৩৭-০)।
বাংলাদেশ ১ম ইনিংস: ২৬ ওভারে ৭৬/৭ (সাদমান ৩, মাহমুদুল ০, শান্ত ৩০, মুমিনুল ১, মুশফিক ৫, লিটন ৬, সাকিব ২৩*, মিরাজ ০, তাইজুল ০*; আফ্রিদি ১-০-১-০, নুমান ১২-২-৩৩-০, সাজিদ ১২-৩-৩৫-৬, বাবর ১-০-১-০)।