রোজায় নিত্যপণ্যের দাম ‘সহনীয়’ থাকবে, আশা প্রধানমন্ত্রীর


এফই অনলাইন ডেস্ক | Published: March 30, 2022 14:46:38 | Updated: March 31, 2022 00:21:26


- ফাইল ছবি

বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমামের প্রশ্নের জবাবে এ আশা প্রকাশ করেন সংসদ নেতা।

প্রশ্নের জবাব দিতে গিয়ে প্রধানমন্ত্রী নিত্যপণ্যের জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন।খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

তিনি বলেন, রমজান শুরুর আগে ও রজমানের মাঝামাঝি সময়ে দুই দফায় টিসিবির পণ্য সামগ্রী ভর্তুকি মূল্যে বিক্রির সিদ্ধান্ত হয়েছে।

সে অনুযায়ী জেলা ও উপজেলা প্রশাসনের তত্ত্ববধানে নির্ধারিত মানদণ্ডের ভিত্তিতে টিসিবির পণ্য বিক্রি করা হবে।

দামের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে ভোজ্য তেলের ওপর ভ্যাট প্রত্যাহার, বাজার পর্যবেকষণ, ওএমএস, পণ্যের সরবরাহ নিশ্চিতকরণসহ নানা পদক্ষেপের কথা তুলে ধরেন সংসদ নেতা।

শেখ হাসিনা বলেন, সরকারের এ সকল কার্যক্রম গ্রহণের ফলে বাজারে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রয়েছে। আশা করি আসন্ন পবিত্র রমজান মাসেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে থাকবে।

সংসদে সভাপতিত্ব করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

Share if you like