রেলওয়ের কোচ ও ইঞ্জিন তৈরির কারখানা পরিদর্শনে তুরস্ক সফরে যাচ্ছেন রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
তার সঙ্গে রেলপথ মন্ত্রণালয় ও রেলওয়ের আরও সাত ঊর্ধ্বতন কর্মকর্তা সফরে যাবেন বলে রোববার রেলপথ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
রোববার রাত ১০টায় টার্কিশ এয়ারলাইন্সের একটি বিমানে তাদের তুরস্ক যাওয়ার কথা রয়েছে।
মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য অফিসার মো. শরিফুল আলমের স্বাক্ষরে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তুরস্কের যোগাযোগ ও অবকাঠামো বিষয়কমন্ত্রী আদিল কারাইসমাইলওগলুর আমন্ত্রণে তুরস্ক যাচ্ছেন রেলপথমন্ত্রী।
সফরকালে দ্বিপক্ষীয় আলোচনায় বাংলাদেশের রেলওয়েকে সহযোগিতার বিষয়ে কথা হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, “তারা তুরস্কের বিভিন্ন রেলওয়ে কোচ ও লোকোমোটিভ তৈরির কারখানা পরিদর্শন করবেন। আগামী ৪ এপ্রিল তারা দেশে ফিরবেন।”
রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবীর, রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার শাহাদত আলী, মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ তৌফিক ইমাম, রেলপথমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ আতিকুর রহমান ও সহকারী একান্ত সচিব রাশেদ প্রধান, রেলওয়ের বিভাগীয় রেল ব্যবস্থাপক মো. শাহিদুল ইসলাম ও শাহ সুফি নূর মোহাম্মদ প্রতিনিধি দলে রয়েছেন।
