রেইনট্রি হোটেলের রায়ে ‘নারী জাতিকে অপমান’: ফখরুল


FE Team | Published: November 12, 2021 17:03:28 | Updated: November 12, 2021 22:04:21


রেইনট্রি হোটেলের রায়ে ‘নারী জাতিকে অপমান’: ফখরুল

রেইনট্রি হোটেলে ধর্ষণ মামলার রায়ে সমগ্র নারী জাতিকে অপমান করা হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

শুক্রবার দুপুরে এক আলোচনা সভায় তিনি বলেন, মামলাতে যেটা দেখা যাচ্ছে, আমরা যেটুকু দেখছি পত্রিকায় ঘটনা ঘটেছে, স্বীকার করা হচ্ছে, আদালতেও স্বীকার করছে। কিন্তু রায় হচ্ছে কী? বেকসুর খালাস!

কেন? কারণটা কী? কারণটা হচ্ছে যে, যারা যারা গ্রেপ্তার হয়েছে, যাদেরকে আসামি করা হয়েছে- দে আর সো পাওয়ারফুল। তাদের এত টাকা! জুয়েলারি, এমপি... এই সমস্ত। যার ফলে কী হয়েছে? আজকে সমস্ত নারী জাতিকে অপমান করে এদেরকে খালাস দেওয়া হয়েছে।

ঢাকার ৭ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বৃহস্পতিবার ওই রায়ে আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদসহ পাঁচ আসামির সবাইকে খালাস দেয়।

২০১৭ সালের ২৮ মার্চ বনানীর রেইনট্রি হোটেলে সাফাতের জন্মদিনের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওই দুই ছাত্রীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয় এ মামলায়।

মির্জা ফখরুল বলেন, আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি, হতাশ হয়েছি, ক্ষুব্ধ হয়েছি। এই ধরনের রায় আমরা মেনে নিতে পারি না।

দেশের বিচার ব্যবস্থা দলীয়করণের শিকার মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, এসকে সিনহাকে (সাবেক প্রধান বিচারপতি) বন্দুক দেখিয়ে দেশ থেকে বের করে দিলেন। কী কারণে? উনি একটা রায় দিয়েছিলেন- বিচারক নিয়োগ করবার যে ব্যবস্থা ছিল সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন, বিচারকদের অভিসংশন- সেই ব্যাপারে। সেটা সরকার মেনে নিতে পারেনি।

জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপার একাংশের উদ্যোগে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে এই আলোচনা সভা হয়।

জাগপার সভাপতি খন্দকার লুতফুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম শাহাদাতের সঞ্চালনায় অন্যদের মধ্যে জাতীয় পার্টির (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, বিএনপির আবদুস সালাম, খায়রুল কবির খোকন, এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, এলডিপির শাহাদাত হোসেন সেলিম, জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা, ইসলামিক পার্টি আবুল কাশেম, জাগপার আওলাদ হোসেন শিল্পী আলোচনায় অংশ নেন।

Share if you like