রুশ বিমান ও হেলিকপ্টার গুলি করে নামানোর দাবি ইউক্রেইনের


এফই অনলাইন ডেস্ক | Published: February 24, 2022 14:11:24 | Updated: February 25, 2022 10:15:50


ছবি: রয়টার্স

ইউক্রেইনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ দাবি করেছেন, রাশিয়ার বাহিনী ইউক্রেইনে হামলা শুরু করার পর আগ্রাসী বাহিনীটির পাঁচটি এয়ারক্র্যাফট ও একটি হেলিকপ্টার গুলি করে নামানো হয়েছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেইনের এ দাবি প্রত্যাখ্যান করেছে বলে বৃহস্পতিবার বার্তা সংস্থা তাস জানিয়েছে।

এক বিবৃতিতে ইউক্রেইনের সশস্ত্র বাহিনী জানিয়েছে, দেশের পূর্বাঞ্চলে তাদের সামরিক ইউনিটগুলোর ওপর রাশিয়ার সামরিক বাহিনী তীব্র গোলবর্ষণ শুরু করেছে।

এর পাশাপাশি রাশিয়া কিয়েভের নিকটবর্তী বরিস্পিল বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে বলে বিবৃতিতে বলা হয়েছে।

ইউক্রেইনের বিমান বাহিনী রাশিয়ার একটি বিমান হামলা প্রতিরোধ করেছে বলে জানিয়েছে তারা।

ইউক্রেইনের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর ওডেসায় রাশিয়ার প্যারাট্রুপার বাহিনী নেমেছে, বিবৃতিতে এমন প্রতিবেদনে প্রত্যাখ্যান করা হয়েছে।

Share if you like