রাজধানীর বেইলি রোডে চলন্ত রিকশাকে গুঁড়িয়ে দেওয়া বেপরোয়া গতির প্রাইভেট কারের চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।
গ্রেপ্তার তাসকিন আহমেদ শাফী উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের দশম শ্রেণির ছাত্র। তিনি মগবাজার এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করেন।
রোববার ভোরে তাকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গার হাট বোয়ালিয়া নতুনবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত কমিশনার হাফিজ আল ফারুক জানান।
শুক্রবার বেইলি রোডে প্রাইভেটকারের ধাক্কায় রিকশা গুঁড়িয়ে যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
তাতে দেখা যায়, কালো গাড়িটি বেপরোয়া গতিতে পেছন থেকে রাস্তায় চলন্ত রিকশাটিকে ধাক্কা দিলে আরোহীর কোলের শিশু ছিটকে রাস্তা পড়ে যায়।
হাফিজ বলেন, এঘটনায় শিশুটির পা ভেঙে যায় আর তার বাবা ফখরুল হাসানের হাত ভাঙে। আহত হন রিকশাচালকও।
শনিবার রাত সাড়ে ১২টার দিকে হাতিরঝিল থানা এলাকা থেকে (ঢাকা মেট্রো-গ-৩৫-২২৬৩) প্রাইভেট কারটিকে হাতিরঝিল থানা পুলিশ হেফাজতে নেয় বলে পুলিশের তেজগাঁও বিভাগ জানিয়েছে। তাসকিনকেও ঢাকায় আনা হচ্ছে।