রাস্তায় খাবার বিক্রি করলে ভ্যাট-ট্যাক্স দিতে হয় না: রেস্তোরাঁ মালিক সমিতি


FE Team | Published: November 20, 2021 18:50:04 | Updated: November 21, 2021 11:19:16


রাস্তায় খাবার বিক্রি করলে ভ্যাট-ট্যাক্স দিতে হয় না: রেস্তোরাঁ মালিক সমিতি

ব্যবসায় সুষম প্রতিযোগিতা নিশ্চিত করতে সড়কের পাশের খাবারের দোকানসহ সব ধরনের রেস্তোরাঁ থেকে ভ্যাট নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি।

এর সঙ্গে রেস্তোরাঁ খাতকে শিল্প হিসেবে ঘোষণাসহ মোট নয় দফা দাবি শনিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে সংবাদ সম্মেলনে তুলে ধরা হয়। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

লিখিত বক্তব্যে সমিতির মহাসচিব ইমরান হাসান বলেন, বাংলাদেশে রাস্তায় যে খাবার বিক্রি করে তাকে কোনো ভ্যাট-ট্যাক্স দিতে হয় না। কিন্তু আমরা যারা বিনিয়োগ করে ব্যবসা করতে চাই, তাদের নিয়মিত হয়রানি হতে হয়।

আমরা রেস্তোরাঁ মালিক সমিতি মনে করি, সারা বাংলাদেশে স্ট্রিট ফুড থেকে শুরু করে যে কোনো রেস্তোরাঁকে ভ্যাটের নিবন্ধনের মধ্যে আনতে হবে। এতে লেভেল প্লেয়িং ফিল্ড হবে।

বাংলাদেশে চার লাখের বেশি রেস্তোরাঁয় প্রায় ৩০ লাখ মানুষ কাজ করেন বলে তথ্য তুল ধরেন রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান।

তিনি বলেন, এই খাতকে শিল্পের মর্যাদা না দেওয়ায় অবহেলিত হয়ে আছে। কোন সরকারি সুযোগ সুবিধা পাচ্ছে না।

একটি জায়গা থেকে সনদ নবায়নের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে ইমরান বলেন, সনদ নবায়ন করতে প্রতি বছর ১১টি জায়গায় যেতে হয়। এতে ছোট উদ্যেক্তারা হয়রানির শিকার হন।

১১টি স্থানে বছরে ১ মাস সময় চলে যায় ছোট উদ্যোক্তাদের।

ভ্রাম্যমাণ আদালতে রেস্তোরাঁ ব্যবসায়ীদের হয়রানি করা হচ্ছে অভিযোগ করে সমিতির মহাসচিব বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় মালিক সমিতির নেতা, সিটি কর্পোরেশনের স্থানীয় কাউন্সিলর এবং সাংবাদিকদের সঙ্গে রাখতে হবে।

সমিতির আরও দাবির মধ্যে আছে-

# আদায়কৃত ভ্যাটের ৫০ শতাংশ রেয়াত সুবিধা।

# রেস্তোরাঁ কর্মচারী ও মালিকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা।

# বাড়ি ভাড়ার হয়রানি বন্ধ করা।

# ই-কমার্স ও অনলাইন ডেলিভারির কমিশন নির্দিষ্ট করা।

# টিসিবি থেকে কম দামে পণ্য দেওয়ার ব্যবস্থা।

২০৩০ সাল নাগাদ বাংলাদেশের ৩০ শতাংশ মানুষ রেস্তোরাঁ নির্ভর হবে দাবি করেন ইমরান।

তিনি বলেন, তাই, দাবিগুলো আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে পেশ করছি। তিনি মানবিক দিক বিবেচনা করে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে সমস্যার সমাধান হবে।

Share if you like