রামপুরায় শিক্ষার্থীদের অবরোধ


এফই অনলাইন ডেস্ক | Published: November 30, 2021 11:50:12 | Updated: November 30, 2021 19:03:03


রামপুরায় শিক্ষার্থীদের অবরোধ

ঢাকা ন্যাশনাল কলেজের একদল শিক্ষার্থী মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে রামপুরা ব্রিজে এসে অবস্থান নেয়। পরে তাদের সঙ্গে যোগ দেয় ক্যাম্ব্রিয়ান কলেজ ও বনশ্রী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।

সকাল ১০টার পরপরই তারা ডিআইডি সড়কে যানবাহন চলাচর বন্ধ করে দেয় বলে রামপুরা থানার ওসি রফিকুল ইসলাম জানান।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছিলেন- উই ওয়ান্ট জাস্টিস। নিরাপদ সড়কের দাবি লেখা বিভিন্ন প্ল্যাকার্ড রয়েছে তাদের হাতে।খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

ডিজেলের দাম ও বাসের ভাড়া বাড়ানোর পর থেকেই হাফ ভাড়া চালুর দাবিতে আন্দোলন চালিয়ে আসছিল শিক্ষার্থীরা। তার মধ্যেই গত ২৪ নভেম্বর গুলিস্তানে সিটি করপোরেশনের গাড়ির ধাক্কায় নটর ডেম কলেজ শিক্ষার্থী নাঈম হাসানের মৃত্যু হলে সেই আন্দোলন আরও গতি পায়।

এরপর সোমবার রাতে পূর্ব রামপুরার ডিআইটি রোড বাসের চাপায় প্রাণ যায় মাইনুল ইসলাম নামের এক শিক্ষার্থীর, যে এবারই একরামুন্নেছা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি দিয়েছিল।

মাইনুলের মৃত্যুতে তাৎক্ষণিকভাবে ক্ষোভে ফেটে পড়ে স্থানীরা। দুর্ঘটনার জন্য দায়ী গ্রিন অনাবিল পরিবহনের বাসটিসহ অন্তত আটটি বাসে তারা আগুন দেয়।

ওই ঘটনার পর মঙ্গলবার সকাল থেকে মতিঝিল থেকে খিলগাঁও- মালিবাগ হয়ে ডিআইটি রোড-প্রগতি সরণির পথে বাসের সংখ্যা ছিল তুলনামূলকভাবে কম। ফলে সকালে রাস্তার মোড়ে মোড়ে যাত্রীদের গাড়ির জন্য অপেক্ষা করতে দেখা যায়।

মাইনুলের মৃত্যুর ঘটনায় গ্রিন অনাবিল পরিবহনের ওই বাস চালকের সহকারী চান মিয়াকে মঙ্গলবার সকালে রাজধানীর সায়দাবাদ থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে র‌্যাব সদরদপ্তরের সহকারী পরিচালক ইমরান খান জানান।

Share if you like