রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটে একদিনে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১১ জন পুরুষ ও পাঁচজন নারী।
এদের মধ্যে আটজনের করোনাভাইরাস পজিটিভ ছিল, বাকিরা ভাইরাসের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।
তিনি বলেন, মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টার মধ্যে বিভিন্ন সময় তারা মারা যান।
মৃতদের মধ্যে রাজশাহীর আটজন, চাঁপাইনবাগঞ্জের তিনজন, নাটোরের দুইজন, নওগাঁর দুইজন ও ঝিনাইদহের একজন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
এদের মধ্যে তিনজন মারা যান আইসিইউতে। মৃতদের মধ্যে আটজনের বয়স ৬১ বছরের উপরে। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের মধ্যে তিনজন এবং ৩১ থেকে ৫০ বছরের মধ্যে পাঁচজন।
নতুনদের নিয়ে এ মাসে (১ জুন সকাল ৬টা থেকে ২৩ জুন সকাল ৬টা পর্যন্ত) রাজশাহী মেডেকেলের করোনা ইউনিটে মারা গেলেন ২৪৫ জন।
এর আগে সবচেয়ে বেশী মারা যান গত ৪ জুন ১৬ জন এবং সবচেয়ে কম ১২ জুন, চারজন।
শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৬০ জন। এর মধ্যে রাজশাহীর ৪৪ জন, চাঁপাইনবাবগঞ্জের ছয়, নাটোরের দুই, নওগাঁর পাঁচ, পাবনার দুই ও ঝিনাইদহের একজন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪২ জন।
তিনি বলেন, হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সুবিধাসহ ৪৮ শয্যার আরও একটি ওয়ার্ড মঙ্গলবার চালু করা হয়েছে। এ নিয়ে হাসপাতালের করোনা ইউনিটে শয্যা সংখ্যা দাঁড়িয়েছে ৩৫৭টি।
বুধবার সকাল ৬টা পর্যন্ত ৩৫৭ শয্যার বিপরীতে মোট চিকিৎসাধীন রোগী আছেন ৪১০ জন। বাকিদের মেঝে ও বারান্দায় রাখার ব্যবস্থা করা হয়েছে।
করোনা ইউনিটে চিকিৎসাধীন ৪১০ জন রোগীর মধ্যে রাজশাহীর ২৭৪ জন, চাঁপাইনবাবগঞ্জের ৬০ জন, নাটোরের ২৬ জন, নওগাঁর ৩৪ জন, পাবনার নয়জন, কুষ্টিয়ার তিনজন এবং চুয়াডাঙ্গার দুইজন রয়েছেন। আইউসিইউতে ভর্তি আছেন ২০ জন।
কমেছে দৈনিক শনাক্তের হার
হাসপাতালের করোনা ইউনিটে মৃত্যু বাড়লেও রাজশাহীতে টানা চারদিন ধরে কমছে করোনার সংক্রমণ।
মঙ্গলবার দুইটি ল্যাবে ৪৫৭ নমুনা পরীক্ষা করে ১৫১ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে, যা আগের দিনের চেয়ে দশমিক ৪৬ শতাংশ কমে ৩৩ দশমিক ০৫ শতাংশ হয়েছে।
সোমবার শনাক্তের হার ছিল ৩৩ দশমিক ৫১ শতাংশ। এছাড়াও গত রোববার রাজশাহীতে শনাক্তের হার ছিল ৪৩ দশমিক ১৯ শতাংশ এবং শনিবার ৪৬ দশমিক ৯৯ শতাংশ।
শামীম ইয়াজদানী জানান, মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল ল্যাবে ৫৫৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা পজিটিভ এসেছে ১৭৬ জনের।
রাজশাহী ছাড়াও চাঁপাইনবাবগঞ্জে ৬৭ জনের নমুনা পরীক্ষা করে ২৫ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া যায়। শনাক্তের হার ২৫ দশমিক ৭৮ শতাংশ। এছাড়াও বিদেশগামী দুইজনের নমুনা পরীক্ষা করে নেগেটিভ এসেছে।
রাজশাহীতে করোনা সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাওয়ায় গত ১১ জুন থেকে সিটি করপোরেশন এলাকায় প্রথমে এক সপ্তাহের লকডাউন ঘোষণা করা হয়। পরে তা আরেক সপ্তাহ বাড়িয়ে ২৪ জুন রাত ১২টা পর্যন্ত করা হয়।
