সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)-এর পক্ষ থেকে রাজশাহীতে আয়োজিত আঞ্চলিক সংলাপে বিশেষজ্ঞরা অভিমত ব্যক্ত করে বলেছেন, রাজশাহী অঞ্চলের যথেষ্ট উন্নয়ন হলেও সেখানে জনসম্পৃক্ততার অভাব রয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুজন-সুশাসনের জন্য নাগরিক, রাজশাহী এবং জাতিসংঘ ডেমোক্রেসি ফাণ্ড (ইউএনডিইএফ)-এর সহযোগীতায় সিপিডি শনিবার জাতীয় উন্নয়নে অঙ্গীকার: শিক্ষা, শোভন কর্মসংস্থান, জেন্ডার সমতা শীর্ষক সংলাপটি আয়োজন করে।
২০১৮ সালের একাদশ জাতীয় নির্বাচনের প্রাক্কালে সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ শিরোনামে বাংলাদেশ আওয়ামী লীগ তাদের নির্বাচনী ইশতেহার ২০১৮ প্রকাশ করে। সংলাপে নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার সমূহ কতটা বাস্তবায়িত হয়েছে তা নিয়ে আলোচনা হয়।
বিশেষজ্ঞরা বলেন, সরকার আন্তরিক না হলে ইশতেহারে উল্লেখিত অঙ্গীকারগুলো বাস্তবায়ন সম্ভব নয়।
সংলাপে সভাপতিত্ব করেন সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম। তিনি বলেন, জবাবদিহিমূলক সমাজ ব্যবস্থা তৈরি করার জন্য আমাদের সবার কথা শোনার সংস্কৃতি ধরে রাখতে হবে এবং একে অন্যের প্রতি শ্রদ্ধাবোধ থাকতে হবে।
সংলাপে সূচনা বক্তব্য প্রদানের সময় সুজন-সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ও গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট ড. বদিউল আলম মজুমদার নির্বাচনী ইশতেহারের গুরুত্ব তুলে ধরে বলেন এই অঙ্গীকার বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোকে দায়বদ্ধ করতে হবে এবং নাগরিকদের আরো সোচ্চার হয়ে উঠতে হবে।
সিপিডির সংলাপ ও যোগাযোগ বিভাগের যুগ্ম পরিচালক জনাব অভ্র ভট্টাচার্য সংলাপে মূল প্রতিবেদন উপস্থাপন করেন।
উপস্থাপনায় তিনি বিভিন্ন সুচকে রাজশাহী অঞ্চলের অবস্থা তুলে ধরেন। এছাড়াও ২০১৮ সালের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহারের শিক্ষা, শোভন কর্মসংস্থান, জেন্ডার সমতা বিষয়ে বিভিন্ন অঙ্গীকার এবং অগ্রগতি সম্পর্কে আলোচনা করেন।
তিনি বলেন, এই সংলাপের আগে বাংলাদেশের ৯০ টি স্থানে মুক্ত আলোচনা করা হয়, যেখানে প্রায় ৯১৮ জন উপস্থিত ছিলেন। তার উপস্থাপনায় রাজশাহী অঞ্চলের মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীদের ইশতেহার সম্পর্কে মতামত এবং পরামর্শও তুলে ধরা হয়।
সংলাপে আওয়ামী লীগের রাজশাহী জেলা কমিটির নির্বাহী সদস্য জনাব মোঃ সাইফুল ইসলাম বাদশা, বিএনপির সাবেক সংসদ সদস্য জাহান পান্না, সুজন-সুশাসনের জন্য নাগরিকের রাজশাহী মহানগর সভাপতি জনাব মোহাম্মদ পিয়ার বক্স, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সাবেক অধ্যাপক ড. রকীব আহমেদ ও বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)-এর সমন্বয়কারী (রাজশাহী ইউনিট) সামিনা বেগম বক্তব্য রাখেন।