রবি ছাড়ছেন মাহতাব উদ্দিন আহমেদ


এফই ডেস্ক | Published: August 05, 2021 13:53:18 | Updated: August 05, 2021 15:19:44


মাহতাব উদ্দিন আহমেদ — ফাইল ছবি

দেশের দ্বিতীয় শীর্ষ মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার পদ ছাড়ছেন মাহতাব উদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার রবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পাঁচ বছর ধরে রবির সিইও ও এমডি হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করে আসা মাহতাব তার চুক্তি আর নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছেন।

রবির প্রথম বাংলাদেশি সিইও মাহতাব উদ্দিন আহমেদের মেয়াদ শেষ হওয়ার কথা আগামী ৩১ অক্টোবর।

তবে মাহতাব এখনই আনুষ্ঠানিকভাবে ছুটিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং তার দায়িত্বে না থাকার সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলে রবি জানিয়েছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

আপাতত রবির প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) এম রিয়াজ রশিদ তার নিজের দায়িত্বের অতিরিক্ত হিসেবে ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্বও পালন করবেন।

রবির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান থায়াপারান সাঙ্গারাপিল্লাই বলেন, "দেশের শীর্ষ ডিজিটাল কোম্পানি হিসেবে রবিকে প্রতিষ্ঠায় মাহতাবের দৃঢ় ভূমিকার জন্য পরিচালনা পর্ষদের পক্ষ থেকে তাকে আমি অভিনন্দন জানাই।"

দায়িত্ব পালনে পূর্ণ সহযোগিতার জন্য ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, আইসিটি বিভাগ, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি), বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), ঢাকা স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, রবির সহকর্মী ও ব্যবস্থাপনা পর্ষদ, ব্যবসায়ী সম্প্রদায়, গণমাধ্যম এবং গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মাহতাব উদ্দিন আহমেদ।

২০১৬ সালের অক্টোবরে রবির শীর্ষ পদ পাওয়ার আগে তিনি কোম্পানির চিফ অপারেটিং অফিসার (সিওও), চিফ ফিনান্সিয়াল অফিসার (সিএফও) হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে রবিতে যোগ দেওয়ার আগে তিনি ইউনিলিভারের বিভিন্ন নেতৃস্থানীয় পদে দায়িত্ব পালন করেন ১৭ বছর।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর করা মাহতাব ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট অব বাংলাদেশের (আইসিএমএবি) ফেলো সদস্য। হার্ভার্ড বিজনেস স্কুলেরও অ্যালামনাই তিনি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রবির প্রথম বাংলাদেশি সিইও হিসেবে মাহতাব উদ্দিন আহমেদ কোম্পানিকে সাফল্যের এক নতুন চূড়ায় নিয়ে গেছেন।

ফোরজি সেবায় রবিকে শীর্ষ স্থানে নেওয়া, বাংলাদেশের কোম্পানি ইতিহাসে সর্ববৃহৎ রবি-এয়ারটেল মার্জার সম্পন্নকরণ, পুঁজিবাজারের ইতিহাসে সর্ববৃহৎ আইপিওর মাধ্যমে রবির তালিকাভুক্তি, ডিজিটাল অগ্রযাত্রায় বিভিন্ন যুগান্তকারী পদক্ষেপ তার সাফল্যের কিছু উদাহরণ।

ডিজিটাল উদ্ভাবনে নেতৃত্ব দেওয়ার মাধ্যমে পরবর্তী প্রজন্মের ডিজিটাল চ্যাম্পিয়ন কোম্পানি হিসেবে রবিকে প্রতিষ্ঠায় মাহতাবের অবদান স্মরণীয় হয়ে থাকবে, বলেছে রবি।

Share if you like