যাচ্ছিলেন ‘ফুল কিনতে’, পথে গেল প্রাণ


এফই অনলাইন ডেস্ক | Published: February 14, 2022 12:39:15 | Updated: February 14, 2022 18:51:43


ফাইল ছবি

ঢাকার শাহবাগে ফুল কিনতে যাওয়ার পথে রমনায় মৎস্য ভবন সংলগ্ন রাস্তায় সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে।

মো. দিপু নামের ২৬ বছর বয়সী ওই যুবককে সোমবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

তার স্বজনদের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ফুল কিনতে শাহবাগে যাচ্ছিলেন দীপু। পথে কোনো গাড়ির চাপায় তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এসেছিল।

দীপুর দুর্ঘটনায় পড়ার খবরে হাসপাতালে ছুটে যান তার খালাতো ভাই মো. মাহবুব। সাংবাদিকদের তিনি জানান, যাত্রাবাড়ীর মৃধা বাড়ি এলাকায় মামা মোশাররফের বাসায় থাকতেন দীপু। তাদের গ্রামের বাড়ি বরিশালে, দুই ভাইয়ের মধ্যে তিনি ছিলেন বড়।

তবে দীপু কী করতেন, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দিতে পারেননি তার খালাতো ভাই।

Share if you like