ময়মনসিংহের ত্রিশালে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে; যারা সম্পর্কে খালাত বোন বলে পুলিশ জানিয়েছে।খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।
শনিবার সকালে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের জয়দা খানবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে বলে ত্রিশাল থানার ওসি মাইনউদ্দিন জানান।
নিহতরা হলেন- ত্রিশাল উপজেলার মঠবাড়ি ইউনিয়নের অলহরী গ্রামের মো. উজ্জ্বল মিয়ার মেয়ে তাইয়েবা (৫) ও বগার বাজার এলাকার রাকিবুল ইসলামের মেয়ে রিমি আক্তার (৬)।
ওসি বলেন, কিছুদিন আগে রিমি জয়দা খানবাড়ি এলাকায় তার খালার বাড়ি বেড়াতে যায়। সকালে রিমি তার খালাতো বোন তাইয়েবাকে নিয়ে পুকুরে গোসল করতে গিয়ে তলিয়ে যায়।
পরে স্বজনরা টের পেয়ে তাদের উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।