ময়মনসিংহের ত্রিশালে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহতের সংখ্যা ছয়জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১২ জন।
উপজেলার বৈলর বড়দিঘীরপাড় এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শনিবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন জানান।
নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- ত্রিশাল উপজেলার বানিয়াধলা গ্রামের হাসমত আলীর ছেলে শহিদুল ইসলাম (৪৫), হালুয়াঘাট উপজেলার শাহেদ আলীর ছেলে রিফাত মিয়া (২৮) ও সদর উপজেলার ঘাগড়া ইউনিয়নের পারাইল গ্রামের কামাল উদ্দিন (৪০)।
এ ঘটনায় আহত ১২ জন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
স্থানীয়দের বরাতে ওসি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী একটি যাত্রীবাহী বাস বৈলর বড়দিঘীরপাড় এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের তিনজন যাত্রী নিহত এবং অন্তত ১৫ জন আহত হন।
পরে আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আরও তিনজনকে মৃত ঘোষণা করেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পের এসআই শফিকুল ইসলাম বলেন, আহত অবস্থায় ১৫ জনকে হাসপাতালে আনার পর দুজন মারা যান। পরে রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।
এ ঘটনায় রাতেই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং গাড়ি দুটি জব্দ করা হয়েছে বলে জানান ওসি।