মোংলায় পৌঁছেছে মেট্রোরেলের আরও ২ ইঞ্জিন ও ৪ কোচ


এফই অনলাইন ডেস্ক | Published: November 13, 2021 12:04:55 | Updated: November 13, 2021 17:38:54


‘এম ভি ব্রাইট কোরাল’ জাহাজটি শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে মোংলা বন্দর জেটিতে ভেড়ে — ফোকাস বাংলা

মেট্রোরেলের আরও দুইটি ইঞ্জিন ও চারটি কোচ মোংলা বন্দরে পৌঁছেছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখরউদ্দীন জানান, এম ভি ব্রাইট কোরাল জাহাজটি শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে বন্দর জেটিতে ভেড়ে।

বিদেশি জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট এনসিয়েন্ট স্টিম শিপ কোম্পানি লিমিটেডের জেনারেল ম্যানেজার মো. ওহিদুজ্জামান জানান, জাহাজটিতে মেট্রোরেলের ৪টি রেলওয়ে কোচ/বগি ও ২টি ইঞ্জিনসহ ২৮ প্যাকেজ মেশিনারি পণ্য রয়েছে।

শনিবার এসব মালামাল খালাসের কাজ শুরু হবে। এগুলো খালাস শেষে নদী পথে ঢাকার উত্তরার দিয়াবাড়ি ডিপোতে নেওয়া হবে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

এর আগে মোংলা বন্দরে পাঁচ দফায় মেট্রোরেলের সরঞ্জাম পৌছায় বলে তিনি জানান।

সর্ব প্রথম গত ৩১ মার্চ এমভি এসপিএম ব্যাংকক জাহাজে মেট্রোরেলের ছয়টি কোচ আসে। তারপর থেকে ধারাবাহিকভাবে ইঞ্জিন ও কোচ আসছে এ বন্দর দিয়ে।

গত ৫ মে এমভি ওশান গ্রেস জাহাজে ছয়টি বগি, ২০ জুলাই এমভি হরিজন-০৯ জাহাজে ১০টি বগি ও দুইটি ইঞ্জিন, ১২ সেপ্টেম্বর চারটি বগি ও দুইটি ইঞ্জিন নিয়ে এম ভি প্রেসার্স কোরাল মোংলা বন্দরে ভেড়ে।

গত ২ অক্টোবর চারটি ইঞ্জিন ও আটটি কোচ নিয়ে মোংলা বন্দরে ভেড়ে এম ভি এসপিএম ব্যাংকক জাহাজ।

Share if you like