মোবাইল ফোনে ইন্টারনেট প্যাকেজের মেয়াদ শেষে অব্যবহৃত ডেটা পরেও ব্যবহার করা যাবে। এ জন্য গ্রাহককে ওই প্যাকেজের মেয়াদ শেষ হওয়ার আগেই পূর্বের একই ডেটা প্যাকেজ কিনতে হবে।
মঙ্গলবার টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি কার্যালয়ে এক অনুষ্ঠানে উপস্থাপিত মোবাইল ডেটা প্যাকেজ নির্দেশিকায় এ নির্দেশনা দেওয়া হয়, খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
বিল ও টাকা কাটা নিয়ে গ্রাহকদের দীর্ঘদিনের অভিযোগের প্রেক্ষাপটে এমন নির্দশেনা এল। ২০২১ সালের গণশুনানিতেও মোবাইল ফোন অপারেটরগুলোর বিভিন্ন প্যাকেজ নিয়ে অসন্তোষ প্রকাশ করা হয়।
মেয়াদের শেষ হওয়ার পরেও ডেটা ব্যবহারের বিষয়ে বিটিআরসি মহাপরিচালক (সিস্টেম অ্যান্ড সার্ভিসেস) ব্রিগেডিয়ার জেনারেল নাসিম পারভেজ জানান, একজন গ্রাহকের ডেটা প্যাকেজের মেয়াদ শেষে অব্যবহৃত ডেটা ক্যারি ফরোয়ার্ড হবে; যদি গ্রাহক ওই প্যাকেজের মেয়াদ শেষ হওয়ার আগেই একই ডেটা প্যাকেজ (ভিন্ন ভিন্ন মেয়াদসহ) ক্রয় করেন।
নাসিম পারভেজ জানান, সব মোবাইল অপারেটরের সর্বোচ্চ তিন ধরনের প্যাকেজ থাকবে- নিয়মিত প্যাকেজ, গ্রাহককেন্দ্রিক বিশেষ প্যাকেজ ও রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট প্যাকেজ।
একজন অপারেটরের নিয়মিত ও গ্রাহককেন্দ্রিক বিশেষ প্যাকেজ মিলিয়ে সর্বোচ্চ সংখ্যা হবে ৮৫টি। তবে নিয়মিত অথবা গ্রাহক কেন্দ্রিক বিশেষ প্যাকেজ সংখ্যা এককভাবে ৫০টির বেশি হতে পারবে না।
প্যাকেজের মেয়াদকালের বিষয়ে তিনি জানান, সব প্যাকেজের সময়সীমা বা মেয়াদকাল তিন, সাত, ১৫ বা ৩০ দিন হিসেবে করতে হবে।
মোবাইল অপারেটরের যে কোনো নিয়মিত প্যাকেজ চালু করার পর বাজারে ওই প্যাকেজের ন্যূনতম স্থায়িত্বকাল হবে এক মাস।
নির্দেশনায় বলা হয়েছে, গ্রাহককেন্দ্রিক বিশেষ প্যাকেজ চালুর পর ওই প্যাকেজের ন্যূনতম মেয়াদ হবে সাত দিন। এক্ষেত্রে মোবাইল অপারেটর ওই গ্রাহককেন্দ্রিক বিশেষ প্যাকেজ বাতিল করার ১৫ দিন পর বাতিল করা গ্রাহককেন্দ্রিক বিশেষ প্যাকেজের স্থলে নতুন গ্রাহককেন্দ্রিক বিশেষ প্যাকেজ চালু করতে পারবেন।
এছাড়া মোবাইল অপারেটরের যে কোনো রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট প্যাকেজ চালুর পর ওই প্যাকেজের ন্যূনতম স্থায়িত্বকাল হবে সাত দিন। তবে মাসে দুইবার অর্থাৎ ১৫ দিন পর পর এ ধরনের প্যাকেজগুলো চালু করার সুযোগ থাকবে।
কমিশন অনুমোদিত নিয়মিত ও গ্রাহককেন্দ্রিক প্যাকেজগুলো গ্রাহকরা মোবাইল অপারেটরের নির্দিষ্ট অ্যাপ, ডিজিটাল প্ল্যাটফর্ম বা অপারেটর অনুমোদিত চ্যানেল ব্যবহার করে কিনলে অপারেটরগুলো প্যাকেজের উপর বোনাস (টেলিকম সার্ভিস, ডেটা, টক টাইম, এসএমএস ইত্যাদি) দিতে পারবে।
তবে বোনাসসহ প্যাকেজের মূল্যমান প্যাকেজ তৈরির খরচ থেকে কম হতে পারবে না বলে নির্দেশিকায় বলা হয়েছে।
মোবাইল ডেটা প্যাকেজ নির্দেশিকায় মোবাইল ফোন গ্রাহককে মাসিক রিচার্জ ও ব্যয়ের তথ্য বিবরণীর এসএমএস বাংলায় দেওয়ার কথাও উল্লেখ রয়েছে।
আগামী মার্চের মধ্যে অপারেটরগুলো এ নির্দেশনা বাস্তবায়ন করতে পারবে বলে অনুষ্ঠানে জানানো হয়।
নির্দেশিকার অন্যান্য শর্ত:
>> গ্রাহক সুবিধায় মোবাইল অপারেটরগুলোর সব নিয়মিত প্যাকেজের তালিকা (প্যাকেজের আইডি ও মূল্য) সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে।
>> প্রতিটি গ্রাহককে অপারেটরের মাসিক রিচার্জ এবং ব্যয়ের তথ্য বিবরণী এসএমএস (বাংলায়) ও মোবাইল অপারেটরগুলোর বিলিং পোর্টালের মাধ্যমে দিতে হবে। তবে ক্ষেত্র বিশেষে গ্রাহকের চাহিদার প্রেক্ষিতে ইমেইলের মাধ্যমেও দিতে হবে।
>> অপারেটর চাইলে বিনামূল্যে অথবা ফ্লোর প্রাইজে (যখন উল্লেখ করা হবে) এ ডাটা দিতে পারবে।
>> গ্রাহকের সন্তুষ্টি বাড়াতে অপারেটরগুলো একজন গ্রাহককে প্রতিদিন তিনটির বেশি প্যাকেজ সংক্রান্ত প্রমোশনাল এসএমএস দেবে না।