মুসলমানরা কোন অপশক্তির কাছে ধর্ম বিশ্বাস ইজারা দেয়নি: ওবায়দুল কাদের


FE Team | Published: April 09, 2021 20:44:12 | Updated: April 10, 2021 18:32:52


মুসলমানরা কোন অপশক্তির কাছে ধর্ম বিশ্বাস ইজারা দেয়নি: ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ধর্মের দোহাই দিয়ে ধর্মকে ঢাল বানিয়ে জনগণের সম্পদ বিনষ্টের অপচেষ্টা আর সহ্য করা হবে না।

তিনি বলেন, এদেশের মুসলমানরা কোন অপশক্তি বা ধর্মব্যবসায়ীদের কাছে তাদের ধর্ম বিশ্বাস ইজারা দেয়নি, খবর বাসসের।

আজ শুক্রবার সকালে তাঁর সরকারি বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, কতিপয় স্বার্থান্বেষী এবং উচ্চ-বিলাসী লোকের স্বপ্নপূরণে দেশকে অস্থিতিশীল করার যে কোন অপপ্রয়াস জনগণকে সাথে নিয়ে সরকার কঠোর হস্তে দমন করবে।

আন্দোলন সংগ্রামে ব্যর্থ হয়ে লন্ডনের নেতৃত্বকে খুশি করতে এবং কর্মীদের রোষানল থেকে বাঁচতে আইসোলেশন থেকে হাঁক-ডাক ছাড়ছে বিএনপি উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তাদের এসব হুমকি ধামকি আষাঢ়ের তর্জন-গর্জন সার। রাজনীতিকে বিএনপি জনগণের দ্বারপ্রান্ত থেকে তুলে এনে এখন আবাসিক রূপ নিয়েছে।

সড়ক পরিবহন মন্ত্রী বলেন, করোনার এই সময়ে আওয়ামী লীগের কর্মীরা দলের পক্ষে অসহায় মানুষের পাশে থেকে সহযোগিতা করছে, তৃণমূলে পৌঁছে গেছে সরকারি সহায়তা আর বিএনপি দরজা জানালা বন্ধ করে লিপ সার্ভিস দিচ্ছে আর করে যাচ্ছে কাল্পনিক অভিযোগ।

যখন যে ইস্যু সামনে আসে তা নিয়ে বিএনপি রাজনৈতিক ফায়দা হাসিলের অপচেষ্টা করে উল্লেখ করে তিনি বলেন, পরাশ্রয়ী আন্দোলন এবং গোপন ষড়যন্ত্র করে ক্ষমতায় আরোহনের দিন শেষ হয়ে গেছে।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি জনগনের আস্থা রয়েছে। সেটাই শেখ হাসিনা সরকারের মূল শক্তি। জনগণ ভালো করেই জানে বিএনপি ক্ষমতায় আসা মানেই দেশ আবারও অন্ধকারে তলিয়ে যাওয়া।

সেতুমন্ত্রী, মহামারির প্রথম তরঙ্গের অভিঘাতে পরিবর্তিত পৃথিবী নগরীর নব নির্মাণ প্রক্রিয়ায় আবারো প্রচন্ড আঘাত হেনেছে দ্বিতীয় তরঙ্গ।

তিনি বলেন, প্রথম ধাক্কা সামলাতে না সামলাতেই সজোরে দ্বিতীয় ধাক্কা। লন্ডভন্ড হয়ে যাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনধারা।

প্রচন্ড এক ঝড়ের কবলে পড়ে হাত-পা গুটিয়ে শুধুমাত্র নিয়তি নির্ভর হয়ে আমাদের চলবে না জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বাঁচতে হলে লড়তে হবে, লড়তে হবে লড়াই করে জিততে হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, হতাশার কারণ নেই, কারণ এ লড়াইয়ের নেতৃত্বে আছেন সময়ের অসম সাহসী কান্ডারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যিনি শত বিপদ বাধা চ্যালেঞ্জের মুখেও হাল ছাড়েন না। লকডাউন এর মতো কঠোর পদক্ষেপে সবচেয়ে বিপর্যস্ত হবে আজ আমাদের দেশের বহু প্রান্তিক মানুষ।

তিনি বলেন, আসুন আমরা সংকীর্ণ দলীয় রাজনীতি থেকে বেরিয়ে এসে দল-মত-নির্বিশেষে বিপন্ন মানবতার পাশে দাঁড়াই। সরকারের পাশাপাশি সকল শ্রেণী পেশার সামর্থবানদের সাহায্যের হাত খেটে খাওয়া মানুষ ও ভাসমান জনগোষ্ঠীর দুঃখ-কষ্টের লাঘব ঘটাতে পারে।

Share if you like