মুখ ধোয়ার আগে ও পরে যা করতে হবে


শবনম জাবীন চৌধুরী | Published: January 26, 2022 15:15:51 | Updated: January 27, 2022 15:29:12


মুখ ধোয়ার আগে ও পরে যা করতে হবে

মুখে পানির ঝাপটা দিলেই কি মুখ ধোয়া হয়ে যায়? বিশেষজ্ঞরা কিন্তু বলছেন ভিন্ন কথা। সুস্থ ত্বক এবং লাবণ্যময় চেহারার জন্য সঠিকভাবে মুখ ধোয়া জরুরি।

মার্কিন যুক্তরাষ্ট্রের বিশিষ্ট ডার্মাটোলজিস্ট এবং ফরগেট দ্য ফেসলিফট বইয়ের লেখক ড. ডরিস ডে তার বইতে বলেন, আমরা অনেকেই মনে করে থাকি ক্লান্ত লাগলে, সাজের পরে বা বাইরে থেকে ফিরলে কেবল মুখ ধোয়া প্রয়োজন। কিন্তু সাবান বা ফেসওয়াশ দিয়ে মুখ ধোয়ার বাইরেও আরো অবশ্য পালনীয় কাজ থেকে যায়।

প্রথমেই আসে দিনে ঠিক কয়বার মুখ ধোয়া উচিৎ?

ইউনিভার্সিটি অফ মিয়ামি স্কুল অফ মেডিসিনের ডার্মাটোলজি বিভাগের অ্যাসিসট্যান্ট ক্লিনিক্যাল প্রফেসর ড. টড মিনারসের মতে দিনে এক থেকে সর্বোচ্চ দুইবার মুখ ধোয়া প্রয়োজন।

মুখ ধোয়ার পানির তাপমাত্রাটা ঠিক কেমন হবে?

এ বিষয়ে ডার্মাটোলজি এবং কসমেটিক সার্জারিতে দক্ষ ড. ডেল ক্যাম্পোর মতে কুসুম গরম পানি দিয়ে মুখ ধুতে হবে। কারণ অধিক গরম পানি ত্বকে উপস্থিত ন্যাচারাল ওয়েলকে ক্ষতিগ্রস্ত করতে পারে আবার ঠান্ডা পানি ব্যবহারের ফলে লোমকূপগুলো উন্মুক্ত হতে পারে না ফলে ত্বকের ময়লা ত্বকেই রয়ে যায়।

বয়স অনুযায়ী ত্বক পরিষ্কারক নির্বাচন এমন হওয়া চাই-

২০ এর কোঠায় যারা রয়েছে তাদের জন্য মৃদু পরিষ্কারক যেগুলোতে এন্টি এজিং উপাদান অনুপস্থিত রয়েছে।

৩০ এর কোঠায় যারা রয়েছে, তারা ব্যবহার করবে ত্বকের আর্দ্রতা ধরে রাখে, বিবর্ণতা কমাতে সাহায্য করে, মসৃণ করে ও উজ্জ্বলতা বজায় রাখে এমন পরিষ্কারক।

৪০ এর কোঠায় যারা রয়েছে, তাদের pH ব্যালেন্সিং রয়েছে ও গভীরভাবে ত্বকের আর্দ্রতা ধরে রাখে এমন ত্বক পরিষ্কারক ব্যবহার করতে হবে।

৫০ বা তদুর্ধ্বদের ত্বকে একটা তেলতেলে ভাব প্রদান করবে এবং ত্বকের নমনীয়তা বৃদ্ধি করবে এমন ত্বক পরিষ্কারক লাগবে।

মুখ ধোয়ার আগে করণীয়

  • সঠিক ত্বক পরিষ্কারক নির্বাচন।
  • দুই হাত ভালোভাবে পরিষ্কার করতে হবে।
  • কুসুম গরম পানি দিয়ে মুখ ভিজিয়ে নিয়ে তারপর ত্বক পরিষ্কারক ব্যবহার করতে হবে।
  • আঙুলের ডগা দিয়ে পুরো মুখ আলতোভাবে পরিষ্কার করতে হবে। অথবা কোনো ধরনের ওয়াশক্লথ দিয়ে পরিষ্কার করলে ত্বকে জ্বালাপোড়া হতে পারে।
  • কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে।

মুখ ধোয়ার পরে করণীয়

  • নরম তোয়ালে বা ফেসিয়াল টিস্যু দিয়ে পানি শুষে নিতে হবে, জোরে জোরে মুখে কিছু ঘষা যাবে না।
  • শুষ্ক ত্বকের ক্ষেত্রে মুখ ধোয়ার পরে অবশ্যই ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে।

শবনম জাবীন চৌধুরী ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ফার্মেসি বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেছেন।

zabin860@gmail.com

Share if you like