মিরপুরে চিকিৎসককে ছুরি মেরে হত্যা


এফই অনলাইন ডেস্ক | Published: March 27, 2022 12:43:50


আহমেদ মাহী বুলবুল

রাজধানীর মিরপুরের শেওড়াপাড়া এলাকায় এক দন্ত চিকিৎসককে ছুরি মেরে হত্যা করা হয়েছে।

রোববার ভোর সাড়ে ৫টার দিকে শেওড়াপাড়ায় মেট্রোরেল স্টেশনের কাছে এ ঘটনা ঘটে বলে পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) আ স ম মাহাতাব উদ্দিন জানান। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

নিহত আহমেদ মাহী বুলবুল (৩৮) মগবাজারের রংপুর ডেন্টালনামের একটি চেম্বারে নিয়মিত রোগী দেখতেন। তিনি ছিনতাইকারীর কবলে পড়েছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

মাহাতাব উদ্দিন বলেন, নোয়াখালী যাওয়ার জন্য ভোরে শেওড়াপাড়ার বাসা থেকে বের হন বুলবুল। তিনি তার সহকারীকেও ফোন করেছিলেন, তবে তার সহকারী তখনও পৌঁছাননি।

বুলবুলের উরুতে ছুরিকাঘাতের জখম পাওয়া গেছে জানিয়ে পুলিশ কর্মকর্তা মাহাতাব বলেন, তার কাছে টাকা-পয়সা, একটি মোবাইল ছিল। বুক পকেটে থাকা মোবাইলটি শুধু খোয়া গেছে। সম্ভবত উরুতে ছুরি মেরে পকেটের মোবাইল নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

ঘটনার পর পথচারীরা বুলবুলকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে তাকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপ কমিশনার মাহতাব বলেন, উরুর নিচের অংশে ছুরিকাঘাত করা হয়েছে। তবে প্যান্ট পরা অবস্থায় পরিস্থিতি কতটা খারাপ বোঝা যাচ্ছিল না। তাই প্রথম যে হাসপাতালে নেওয়া হয়েছে, তারা বুঝতে পারেননি। অতিরিক্ত রক্তক্ষরণে মারা যান বুলবুল।

নিহতের লাশ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

Share if you like