Loading...

মিরপুরের ভবনে গ্যাস লাইনে ‘বিস্ফোরণ’, আগুনে দগ্ধ ৭

| Updated: August 26, 2021 19:04:04


মিরপুরের ভবনে গ্যাস লাইনে ‘বিস্ফোরণ’, আগুনে দগ্ধ ৭

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রোজিনা আক্তার জানান, বুধবার রাত ১টার দিকে মিরপুর-১১ নম্বরের সি-ব্লকের ১১ নম্বর রোডের একটি চারতলা ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

ভবন মালিক রফিকুল ইসলামের মা রওশন আরা বেগম (৭০), ভাই শফিকুল ইসলাম (৩৫), ছোট বোন রিনা বেগম (৫০), বাসার নিচতলার ভাড়াটিয়া নাজনীন আক্তার (২৫), তার মেয়ে নওশীন (৫), পাশের বাসার ভাড়াটিয়া রেনু বেগম (৩৫) ও পথচারী সাজ্জাদ হোসেন সুমনকে (৩০) ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো বাচ্চু মিয়া জানান, রওশন আরার শরীরের ৮০ শতাংশ, শফিকুলের ৮৫ শতাংশ, রিনার ৭০ শতাংশ, নাজনীনের ২৭ শতাংশ, শিশু নওশীনের ১৫ শতাংশ, রেনুর ৩৮ শতাংশ ও সুমনের ৪৫ শতাংশ পুড়ে গেছে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, “ওই ভবনে দুইদিন ধরে গ্যাস ছিল না। পরে মেরামত করা হয়, কিন্তু রাতে গ্যাস সংযোগ পরীক্ষা করতে গেলে বিকট শব্দে বিস্ফোরণ হয় এবং আগুন লেগে যায়।”

ফায়ার সার্ভিস কর্মকর্তা রোজিনা আক্তার বলেন, “গ্যাস সরবরাহ পাইপ থেকে ভবনটির নিচতলার চারটি কক্ষে আগুন লাগে, তিনটি ইউনিট ওই চারটি কক্ষের আগুন নেভায়।”

ফায়ার সার্ভিস পৌঁছার আগেই আশপাশের লোকজন আহতদের হাসপাতালে নিয়ে যায় বলে জানান তিনি।

Share if you like

Filter By Topic