মাহমুদুলের অভিষেক, ফিরলেন সাকিব-খালেদ


এফই অনলাইন ডেস্ক | Published: December 04, 2021 10:30:58 | Updated: December 04, 2021 16:55:49


মাহমুদুলের অভিষেক, ফিরলেন সাকিব-খালেদ

মাহমুদুলের অভিষেক

চট্টগ্রামে আগের টেস্টেই জোরালো সম্ভাবনা জেগেছিল মাহমুদুল হাসানের অভিষেক হয়ে যাওয়ার। শেষ পর্যন্ত টিকে যান সাইফ হাসান। সেই ম‍্যাচে আরও পরিষ্কার হয়ে যায় তার ঘাটতির জায়গাগুলো। হয়তো মিরপুর টেস্টে জায়গা হারাতেন এমনিতেই, তবে টাইফয়েডের জন‍্য ছিটকে যান আগেই।খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

তবে অভাবনীয়ভাবে দ্বিতীয় টেস্টের দলে মোহাম্মদ নাঈম শেখ চলে আসায় মাহমুদুলের অভিষেক নিয়ে জাগে শঙ্কা। সাকিব আল হাসান চোট কাটিয়ে ফেরায়, তাকে জায়গা দিতে নাজমুল হোসেন শান্তকে প্রমোশন দিয়ে ওপেনিংয়ে পাঠানো নিয়েও আলোচনা হয়। তবে শেষ পর্যন্ত সেই পথে হাঁটেনি বাংলাদেশ। তাতে অভিষেক হয়ে যাচ্ছে যুব বিশ্বকাপজয়ী ব‍্যাটসম‍্যান মাহমুদুলের।

বয়সভিত্তিক ক্রিকেট, ঘরোয়া ক্রিকেট ও বাংলাদেশ ইমার্জিং দলে মূলত তিন নম্বর পজিশনেই ব্যাট করেন তিনি। তবে দেশের হয়ে প্রথম আন্তর্জাতিক ম‍্যাচে তিনি খেলছেন ওপেনার হিসেবে।

টেস্ট দলের হয়ে মাহমুদুলের প্রথম দিনের অনুশীলনেই অবশ্য এরকম কিছুর আভাস মিলেছিল। চট্টগ্রামে সেদিন সাদমান ইসলামের সঙ্গে নেটে শুরতেই পাঠানো হয় মাহমুদুলকে। পরদিনও তরুণ এই ব্যাটসম্যানকে নেটে পাঠানো হয় শুরুর দিকে। তাকে নিয়ে দীর্ঘক্ষণ আলাদা কাজ করেন ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স। ঢাকায় অনুশীলনেও ছিল মোটামুটি একই চিত্র।

ঘরোয়া ক্রিকেট ও ইমার্জিং দলের হয়ে সীমিত ওভারে ভালো পারফরম্যান্সের পর এবার জাতীয় লিগে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে পাকিস্তানের বিপক্ষে টেস্ট স্কোয়াডে জায়গা করে নেন মাহমুদুল। জাতীয় দলে ডাক পাওয়ার পর প্রথম সিরিজেই টেস্ট ক্যাপ হাতে পেলেন ২১ বছর বয়সী এই ব্যাটসম্যান।

একই একাদশ নিয়ে পাকিস্তান

চট্টগ্রাম টেস্ট জেতা দলে কোনো পরিবর্তন আনেনি পাকিস্তান। সেই ম‍্যাচে খুব একটা ভালো না করলেও টিকে গেছেন পাকিস্তানের বাঁহাতি স্পিনার নুমান আলি।

পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (সহ-অধিনায়ক ও উইকেটরক্ষক), আবদুল্লাহ শফিক, আবিদ আলি, আজহার আলি, ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, হাসান আলি, নুমান আলি, সাজিদ খান, শাহিন শাহ আফ্রিদি।

বাংলাদেশ দলে ৩ পরিবর্তন

মিরপুর টেস্টের একাদশে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। চোট কাটিয়ে দলে ফিরেছেন বাঁহাতি অলরাউন্ডার সাকিব আল হাসান। ফিরেছেন পেসার সৈয়দ খালেদ আহমেদ। অভিষেক হচ্ছে মাহমুদুল হাসান জয়।

টাইফয়েডের জন‍্য আগেই ছিটকে গেছেন ওপেনার সাইফ হাসান। জায়গা হারিয়েছেন বিবর্ণ পেসার আবু জায়েদ চৌধুরি। চট্টগ্রাম টেস্টে হেলমেটে বলের আঘাত পাওয়া মিডল অর্ডার ব‍্যাটসম‍্যান ইয়াসির আলি চৌধুরি খেলছেন না এই ম‍্যাচে।

বাংলাদেশ একাদশ: মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, সাকিব আল হাসান,, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, ইবাদত হোসেন।

টস জিতে ব‍্যাটিংয়ে পাকিস্তান

বাংলাদেশ সফরে সবশেষ ম‍্যাচে এসে প্রথমবারের মত টস জিতলেন বাবর আজম। পাকিস্তান অধিনায়ক নিলেন ব‍্যাটিং। বাংলাদেশ অধিনায়ক মুমিনুল জানালেন, টস জিতলে ব‍্যাটিং নিতেন তিনিও। আকাশ মেঘে ঢাকা থাকায় বোলিংয়েও আপত্তি নেই তার। কন্ডিশনের সুবিধা কাজে লাগিয়ে যত দ্রুত সম্ভব গুটিয়ে দিতে চান পাকিস্তানকে।

আরেকটি কঠিন পরীক্ষার সামনে বাংলাদেশ

বাংলাদেশ হয়ত জিততেই জানে না, চট্টগ্রাম টেস্ট শেষ হওয়ার আগেই একরাশ হতাশা নিয়ে বলেছিলেন রাসেল ডমিঙ্গো। সেই টেস্ট ৮ উইকেটে হারে বাংলাদেশ। মিরপুরে তাদের সামনে অপেক্ষা করছে আরেকটি কঠিন পরীক্ষা। কোচের কথাকে ভুল প্রমাণ করতে, পাকিস্তানের বিপক্ষে দিতে হবে স্কিল, সামর্থ‍্য ও দৃঢ়তার প্রমাণ।

শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার সকাল ১০টায় শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

বাংলাদেশে এসে অন্তত দুই সংস্করণে সিরিজ খেলে সব ম‍্যাচ জয়ী সবশেষ দল পাকিস্তান। ২০১১ সালে দুই ম‍্যাচের টেস্ট সিরিজের সঙ্গে জিতেছিল তারা তিন ম‍্যাচের ওয়ানডে সিরিজ। পাশাপাশি জিতেছিল একমাত্র টি-টোয়েন্টিও। এরপর থেকে দেশের মাটিতে কোনো দলের বিপক্ষে অন্তত দুই সংস্করণে সিরিজ খেলে সব ম‍্যাচে হারেনি বাংলাদেশ। সেই ধারা ধরে রাখার শেষ সুযোগ মিরপুর টেস্ট।

এই ম‍্যাচে ফ্ল‍্যাট উইকেট চান মুমিনুল হক। তবে পছন্দ হলেই যে ব্যাটিং-বান্ধব উইকেট পাওয়া যাবে, তা নিয়ে নিশ্চিত নন বাংলাদেশ অধিনায়ক নিজেই। মিরপুরের উইকেট নিয়ে ম্যাচের আগে হওয়া ধারণা ম্যাচে বদলে যাওয়ার উদাহরণ আছে যথেষ্টই। সব মাথায় রেখেও মুমিনুলের আশা, এবার ভালো উইকেট হবে।

মিরপুরের উইকেট আমরা সবাই জানি যে, বলা কঠিনআমার কাছে মনে হয়, সাদা বলে একরকম উইকেট হয়, লাল বলে আরেকরকম। সাদা বলে দুই পাশ থেকে নতুন বল থাকে, তখন বিভিন্ন কিছুর মুখোমুখি হতে হয় ব্যাটসম্যানদের। তবে লাল বল তো একটিই থাকে। আমার কাছে মনে হয়, সাদা বলের চেয়ে ভালো উইকেট হবে লাল বলে।

Share if you like