Loading...

মাস্ক না পরলে ‘কঠোর আইনানুগ ব্যবস্থা’ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সরকার

| Updated: April 27, 2021 16:15:44


মাস্ক না পরলে ‘কঠোর আইনানুগ ব্যবস্থা’ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সরকার

করোনাভাইরাস সংক্রমণ রোধে ঘরের বাইরে মাস্ক ব্যবহার না করলে ‘কঠোর আইনানুগ ব্যবস্থা’ নেওয়া হবে বলে হুঁশিয়ার করেছে সরকার।

সোমবার সরকারের এক তথ্য বিবরণীতে বলা হয়েছে, কোনো জরুরি কাজে কেউ ঘরের বাইরে গেলে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে মাস্ক ব্যবহার করার জন্য সরকার বারবার নির্দেশনা দিয়েছে, খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

“কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, অনেকেই এ নিদের্শনা অমান্য করছেন। এক্ষেত্রে বাইরে চলাফেরার সময় মাস্ক ব্যবহার না করলে সরকার কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করবে।”

প্রয়োজনে প্রত্যেককে দুটো মাস্ক ব্যবহার করারও পরামর্শ দেওয়া হয়েছে তথ্য বিবরণীতে।

করোনাভাইরাস মহামারীর মধ্যে গতবছর জুলাই মাসের শেষ দিকে বাসার বাইরে সব জায়গায় সবার মাস্ক পরা বাধ্যতামূলক করে সরকার।

এরপর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাস্ক না পরার অপরাধে শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হয়েছিল বেশ কিছুদিন।

গত বছরের শেষ দিকে এসে সংক্রমণের মাত্রা কমতে শুরু করলে মাস্ক নিয়েও কড়াকড়িও কমে যায়। মার্চে আবার সংক্রমণ বাড়তে থাকলে ঘরের বাইরে ও কর্মক্ষেত্রে মাস্ক পরার ওপর জোর দিয়ে ১১ দফা নির্দেশনা জারি করে সরকার। আবার মাঠে নামে ভ্রাম্যমাণ আদালত।

সরকারি হিসাবে দেশে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১১ হাজার ১৫০ জন হয়েছে, যাদের মধ্যে শেষ এক হাজারের মৃত্যু হয়েছে মাত্র দশ দিনের মধ্যে। আর এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৭ লাখ ৪৮ হাজার ৬২৮ জন হয়েছে।

সংক্রমণ নিয়ন্ত্রণে গত ১৪ এপ্রিল থেকে দেশে যে কঠোর বিধিনিষেধ চলছে, তার মেয়াদ ৫ মে পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

Share if you like

Filter By Topic