অ্যামাজনের প্রতিষ্ঠাতা এবং নির্বাহী চেয়ারম্যান জেফ বেজোস অ্যামাজন ওয়েব সার্ভিস (এডব্লিউএস) প্রসঙ্গে একবার বলেছিলেন, একে ব্যবসা জগতের ইতিহাসে সবচেয়ে বড় বাণিজ্যিক সৌভাগ্য বলতে হবে। তিনি এখানেই থেমে যাননি। বরং এর কারণ ব্যাখ্যা করতে যেয়ে বলেন, পুরো সাত বছর ধরে এ ক্ষেত্রে কোনো প্রতিযোগিতার মুখেই পড়েনি এডব্লিউএস।
চমৎকার সূচনা সত্ত্বেও অ্যামাজনের প্রতিপক্ষ বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠান বা বিগ টেকরা স্বাস্থ্যসেবার খাতে এগিয়ে রয়েছে। স্বাস্থ্যসেবা-দাতাদের চাহিদার উপযোগী করে ক্লাউড সেবাকে সাজিয়েছে তারা। সিবি ইনসাইটস বলছে, মাইক্রোসফট এবং গুগোলের খদ্দের অ্যামাজনের থেকে বেশি এ কথা প্রকাশিত তথ্য থেকেই জানা গেছে।
সিবি ইনসাইটসের স্বাস্থ্যসেবা খাতের প্রধান বিশ্লেষক জেফ বেকার বলেন, এডব্লিউএস উদ্ভাবনের দিক থেকে পিছিয়ে পড়েনি। কিন্তু তারা দেরিতে শুরু করেছে। মাইক্রোসফট এবং গুগোল স্বাস্থ্যসেবা সংক্রান্ত সে সব সুবিধা শুরুতেই দিয়েছে অ্যামাজন দিচ্ছে তা শেষে। হিটরাস্ট নামে পরিচিত তথ্য মান সনদ এরকম একটি সুবিধা। এটি থাকার অর্থ হচ্ছে ওই অবকাঠামোকে সত্যিকার নিরাপদ হিসেবে গণ্য করা যাবে, আস্থায় নেবে হাসপাতালগুলো।
এডব্লিউএসের ভেতরেও এ কথা স্বীকার করা হয়। এদিকে, স্বাস্থ্যসেবা খাতে এরই মধ্যে যে পরিমাণ জমি হারিয়েছে অ্যামাজন তা উদ্ধারের জন্য গত বছর থেকে জোরাল চেষ্টা করছে। নিজ পরিচিতি বাড়ানোর অংশ হিসেবে জুলাই থেকে স্বাস্থ্য খাতের জন্য এডব্লিউএস চালু করা হয়। এতে স্বাস্থ্যসেবা দানকারীদের উপযোগী করে কিছু সেবার সমন্বয় ঘটানো হয়। মেশিন লার্নিংকে কাজে খাটিয়ে স্বাস্থ্য-উপাত্ত গ্রহণ এবং মানসম্মত করার জন্য এডব্লিউএস হেলথকেয়ার নামের একটি ব্যবস্থা এখানে সংযুক্ত করা হয়।
এডব্লিউএসের স্বাস্থ্যসেবা দলের নাম প্রকাশে অনিচ্ছুক এক সদস্য বলেন, এটি হলো ভূমি দখল প্রক্রিয়া। হাসপাতালের ভৌত সার্ভার থেকে তথ্য-উপাত্ত মাইক্রোসফট, গুগোল বা এডব্লিউএসের ক্লাউড ব্যবস্থায় সরিয়ে নেওয়া হবে কিনা - বর্তমানে সে বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে মার্কিন অনেক হাসপাতালের কম্পিউটার ব্যবস্থা। এডব্লিউএসের স্বাস্থ্যসেবা দলের এ সদস্যের সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার এখতিয়ার নেই, তাই নাম জানাননি তিনি।
এতে আরো অ্যাপলিকেশন যোগ করার পদক্ষেপ নিচ্ছে অ্যামাজন। এরই অংশ হিসেবে এডব্লিউএসে আওতায় ১০ উদ্যোক্তা নিয়ে ইনকিউবেটর প্রোগ্রামে শুরু হবে চলতি মাসের শেষ দিকে। (ইউকিউবেটর প্রোগ্রাম বা তা কর্মসূচি শব্দগুচ্ছ হালে ব্যবসা জগতে ব্যবহার হচ্ছে। সাধারণভাবে এর দ্বারা উদ্যোক্তাদের ব্যবসাকে বিনামূল্যে বা কম খরচে কর্মক্ষেত্রের সংস্থান করে দেওয়া, সহায়তা দেওয়া, দক্ষতা বাড়াতে সাহায্য করা, বিনিয়োগকারীদের সাথে যোগাযোগের ব্যবস্থা করে দেওয়া এবং কিছু ক্ষেত্রে ঋণ আকারে কার্যকরী মূলধন যোগানকে বোঝান হয়। বিনিময়ে, উদ্যোক্তারা তা-সহায়তা প্রদানকারীর ব্যবসাকে কেন্দ্র করে নিজেদের ব্যবসা গড়ে তোলে।) এই কর্মসূচির আওতায় প্রতিষ্ঠিত কিন্তু তুলনামূলক ভাবে আকারে ছোট প্রযুক্তি কোম্পানিগুলোকে এডব্লিউএস তালিকাভুক্ত হওয়ার জন্য চার সপ্তাহের নিবিড় প্রশিক্ষণ দেওয়া হবে।
এডব্লিউএসের এক কর্মী বিষয়টা ব্যাখ্যা করতে যেয়ে বলেন, এটি অনেকটা অ্যাপ স্টোরের মতোই হবে। উদ্যোক্তারা যাচাই করে দেখবে অ্যাপলিকেশন স্থিতিশীল কিনা, কোনো বেআইনি কিছু আছে কিনা বা সব বিধি মানা হয়েছে কিনা।
প্রতিযোগিতার বাজার
স্বাস্থ্যসেবা খাতে অ্যামাজনের বিস্তার কতোটা হতে পারে তাই ফুটে উঠছে নানা তৎপরতার মধ্য দিয়ে। কিন্তু মার্কিন অর্থনৈতিক জগতের বিশাল দানব অ্যামাজনকে ঘিরে যখন বিতর্ক উঠছে তখন স্বাস্থ্যসেবা খাতে এ তৎপরতাকে হয়ত স্বাগত জানানো হবে না। অ্যামাজনকে ভেঙ্গে দেওয়ার আহ্বান উঠেছে। এমন আহ্বান জানাচ্ছেন সিনেটের এলিজাবেথ ওয়ারেনের মতো আরো অনেকেই।
হার্ভাডের বাণিজ্য বিদ্যালয়ের স্বাস্থ্যসেবা বিষয়ক বিভাগের প্রধান অধ্যাপক রবার্ট হাকম্যান বলেন, অ্যামাজন যে বিশাল আকার ধারণ করেছে তা নিয়ে উল্লেখযোগ্য উদ্বেগ রয়েছে। স্বাস্থ্যসেবার মতো আরেকটি গুরুত্বপূর্ণ সেবা অ্যামাজনে যোগ হলে সংহতকরণের দৃষ্টি থেকে উদ্বেগ আরো বাড়বে।
নিজের চিকিৎসা কেন্দ্র থাকলে বা বিমা প্রতিষ্ঠান হিসেবে অ্যামাজন আরো কতোটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তা নিয়ে বিশেষ উদ্বেগ দেখা দেবে।
হাকম্যান বলেন, অ্যামাজন যদি সরসরি নিজ নামের আওতায় আরো রোগী ভিড়াতে পারে তা হলে তারা চিকিৎসা সংক্রান্ত কাগজপত্রও পেতে শুরু করবে। আর সরকারি নিয়ন্ত্রকরা স্বাভাবিক ভাবেই প্রশ্ন তুলবেন, এই খুচরা বিক্রেতা এবং প্রযুক্তি কোম্পানিকে কতো দূর যেতে দেওয়া হবে?
বাজারে অ্যামাজনের সক্ষম কিছু প্রতিপক্ষ আছে। তাদের বিরুদ্ধে অ্যামাজন যে প্রতিরক্ষা ব্যবস্থা নিয়েছে স্বাস্থ্যসেবা খাতেও তা একান্ত ভাবেই সত্য হয়ে দেখা দেবে। খুচরা বিক্রেতা ওয়ালমার্ট এবং বিমা কোম্পানি সিজনার মতো শক্ত প্রতিপক্ষগুলো স্বাস্থ্যখাতেও আছে। তাদের বিরুদ্ধে পাঞ্জা লড়তে হবে অ্যামাজনকে।
চিকিৎসাখাতের ভোক্তারা ভৌত কেন্দ্রে যাচ্ছে এবং ভরসার সঙ্গে সেখানকার সেবা দীর্ঘদিন ধরে ব্যবহার করছে। এ সব ভোক্তাকে তার বদলে অনলাইন সেবায় দিকে ভাগিয়ে আনতে হবে অ্যামাজনকে। ইবাণিজ্যের ভোক্তাদের তুলনায় স্বাস্থ্যসেবা খাতের ভোক্তারা অনেকেরই বয়স বেশি। তাদেরকে অনলাইন স্বাস্থ্যসেবা নিতে আগ্রহী করে তোলার ওপরই অ্যামাজনের কৌশলের সফলতা নির্ভর করছে। মুডির বিশ্লেষক চার্লি ওশেয়া বলেন, নতুন বইয়ের দোকান ব্যবহারে আগ্রহী করে তোলার তুলনায় এটি খুব কঠিনই হবে।
তিনি আরো বলেন, বরং কথাটা এ ভাবে বলতে পারি, কেউ যদি একটা ওষুধের দোকান ব্যবহার করে আরাম পায় এবং দোকানটা বাসার কাছেই হয় তা হলে কী কারণে সে দোকানটা বদল করবে?
এমন কাজে অনেক সময় নেবে এবং প্রতিযোগিতাও হবে অনেক বেশি। এর আগে অ্যামাজন যে সব কাজে নেমেছে তার সবার চেয়ে বেশি প্রতিযোগিতামূলক হবে এটি।
[ফাইনান্সিয়াল টাইমস থেকে বাংলা রূপান্তর করেছেনসৈয়দ মূসা রেজা]
আরো পড়ুন:
স্বাস্থ্যসেবা খাতে অ্যামাজনের উত্থান
স্বাস্থ্যসেবা খাত জয়ের যুদ্ধে নেমেছে মার্কিন প্রযুক্তি দানবরা