মানুষকে আতঙ্কিত করতেই খালেদাকে হাসপাতালে ভর্তি করেছে বিএনপি: নৌপরিবহন প্রতিমন্ত্রী


বাসস | Published: April 30, 2021 21:22:19 | Updated: May 01, 2021 16:34:33


মানুষকে আতঙ্কিত করতেই খালেদাকে হাসপাতালে ভর্তি করেছে বিএনপি: নৌপরিবহন প্রতিমন্ত্রী

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের মানুষকে আতঙ্কিত করতেই বিএনপি বেগম খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করেছে।

আজ শুক্রবার দিনাজপুর জেলার বিরল উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের সুরক্ষা সামগ্রী বিতরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, "সরকারের তৎপরতায় করোনা পরিস্থিতি যখন নিয়ন্ত্রণে আসছে, তখন আমরা দেখতে পাচ্ছি, কিছু মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সরকারের বিরুদ্ধে যাচ্ছেতাই সমালোচনা করছে। টেলিভিশনের সামনে যাচ্ছেতাই বলছে। তাদের কোন দায়িত্ব নেই। তাদের দায়িত্ব হচ্ছে দেশকে অন্ধকারের দিকে ঠেলে দেয়া। তাদের দায়িত্ব হচ্ছে মানুষকে আতঙ্কিত করা। এজন্য তারা এমন পথ অবলম্বন করেছে যে, বেগম জিয়াকে নিয়ে হাসপাতালে ভর্তি করেছে। মানুষ যেন আতঙ্কিত হয়ে যায়।"

করোনার এ সময়ে বিএনপি নানা রকম অপপ্রচার ছড়াচ্ছে দাবি করে প্রতিমন্ত্রী বলেন, বিএনপি মহাসচিব বলছেন- লকডাউনের নামে এটা ক্র্যাকডাউন হয়ে গেছে নাকি। আমিতো বলি, লকডাউনের নামে ক্র্যাকডাউন না; বিএনপিই ক্র্যাকডাউন হয়ে গেছে, খালেদা জিয়াকে হাসপাতালে নেয়ার মধ্য দিয়ে।

বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, "যতই স্যালাইন দেন, ওষুধ দেন, ক্ষমতায় থাকতে যত অন্যায়-অবিচার করেছেন, এই বিএনপিকে আর সুস্থ করে তোলা সম্ভব নয়।"

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, "বাংলাদেশের জনগণ আপনাদের কাছে কোনদিন ভরসা পায়না। দিনশেষে বিএনপিসহ সারাদেশের ১৬ কোটি মানুষের ভরসা তৈরি হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর।"

করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফলতার কথা তুলে ধরে তিনি বলেন, "শেখ হাসিনা আমাদের মানসিকভাবে শক্তিশালী রেখেছেন। এ ধরনের অনুপ্রেরণাদায়ী নেতৃত্ব আমরা দ্বিতীয়টি পাইনি।"

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, সরকারের যথাযথ পরিকল্পনায় করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে। এখন দেশে করোনা আক্রান্তের হার কমে আসছে। মৃত্যুর হার প্রতিদিন ১০০ ছাড়িয়ে গিয়েছিল এতোদিন। সেটা কমে আসছে। বিশেষজ্ঞরা বলছে, আগামী দুএকদিনে পরিস্থিতি আরো স্বাভাবিক হয়ে আসবে।

প্রতিমন্ত্রী বলেন, "আমরা সৌভাগ্যবান শেখ হাসিনার মতো সরকারপ্রধান পেয়েছি। এত অভিজ্ঞ সরকারপ্রধান এই মুহূর্তে পৃথিবীতে বিরল। ৪০ বছর যাবত তিনি আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছেন। বঙ্গবন্ধু কন্যা জন্মলগ্ন থেকেই রাজনীতির সঙ্গে জড়িত। তাঁর থেকে বেশি সময় দেশ পরিচালনার অভিজ্ঞতা কোন নারী নেতৃত্বের নাই। তিনি ইন্দিরা গান্ধী ও মার্গারেট থ্যাচারকে ছাড়িয়ে গেছেন।"

Share if you like