মাঙ্কিপক্সে আক্রান্ত সন্দেহে তুরস্কের নাগরিক ঢাকার হাসপাতালে ভর্তি


FE Team | Published: June 07, 2022 17:27:01 | Updated: June 07, 2022 21:09:42


মাঙ্কিপক্সে আক্রান্ত সন্দেহে তুরস্কের নাগরিক ঢাকার হাসপাতালে ভর্তি

বিদেশ থেকে আসা এক ব্যক্তিকে মাঙ্কিপক্সে আক্রান্ত সন্দেহে ঢাকার সংক্রামক ব্যাধি হাসপাতালে নেওয়া হয়েছে।

টার্কিস এয়ারলাইন্সে আসা তুরস্কের নাগরিক ওই ব্যক্তি মঙ্গলবার ঢাকার শাহজালাল বিমানবন্দরে নামার পর সন্দেহ হলে স্বাস্থ্য কর্মকর্তারা তাকে সংক্রামক ব্যাধি হাসপাতালে পাঠিয়ে দেন।

তার নমুনা নেওয়া হয়েছে জানিয়ে হাসপাতালের এক কর্মকর্তা বলেছেন, নমুনা পরীক্ষার প্রতিবেদন পেতে ২৪ ঘণ্টা লাগবে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

সংক্রামক ব্যাধি হাসপাতালের পরিচালক মো. মিজানুর রহমান বিকালে সাংবাদিকদের বলেন, এই ব্যক্তির হাত, কনুই, পা, হাঁটুর ত্বকে ফুসকুড়ি রয়েছে। সেজন্যই হয়ত তাকে মাঙ্কিপক্সের রোগী বলে সন্দেহ করা হয়েছে।

তবে ওই ব্যক্তির জ্বরসহ অন্য কোনো উপসর্গ নেই জানিয়ে তিনি বলেন, তিনি স্বাভাবিক রয়েছেন।

বিদেশি ওই ব্যক্তির নমুনা আইইডিসিআরের একটি দল সংগ্রহ করেছে জানিয়ে মিজানুর বলেন, এর আরটিপিসিআর পরীক্ষা হবে। রিপোর্ট পেতে কমপক্ষে ২৪ ঘণ্টা লাগবে। তারপরই নিশ্চিত হওয়া যাবে যে রোগীটি মাঙ্কিপক্সের রোগী কি না।

ওই বিদেশিকে এখন হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে বলে জানান তিনি।

করোনাভাইরাস মহামারীর মধ্যে মাঙ্কিপক্স আতঙ্ক ছড়ালেও বাংলাদেশে এখনও কারও মধ্যে সংক্রমণ ধরা পড়ার খবর আসেনি।

Share if you like