Loading...

ভ্যাট আইন বাস্তবায়নে ‘বড় সমস্যা’ ইএফডি মেশিন

| Updated: December 10, 2021 17:31:24


ফাইল ছবি (সংগৃহীত) ফাইল ছবি (সংগৃহীত)

যন্ত্র বসিয়ে ডিজিটাল নজরদারির মাধ্যমে ফাঁকি ঠেকিয়ে খুচরা বিক্রি থেকে মূল্য সংযোজন কর (ভ্যাট) আদায় বাড়াতে সরকার যে উদ্যোগ নিয়েছিল, তার বাস্তবায়ন থমকে গেছে।

নতুন আইনের আওতায় ভ্যাট আদায়ে আড়াই বছর আগে খুচরা ব্যবসায়ী পর্যায়ে এক লাখ ইলেট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) বসানোর ঘোষণা দিয়েছিল সরকার।

এতোদিনে মাত্র ১০ হাজার ইএফডি মেশিন বসানোর পর এখন বাস্তবায়নকারী সংস্থা জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মু. রহমাতুল মুনিম এখন বলছেন, খুচরা পর্যায়ে লাখ লাখ মেশিন বসানো ও রক্ষণাবেক্ষণকে সমস্যা হিসেবে দেখা দিয়েছে, যার জন্য ‘বিকল্প উপায়’চিন্তা করা হচ্ছে।

বৃহস্পতিবার ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ ২০২১ উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান এনবিআর চেয়ারম্যান। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

এনবিআর চেয়ারম্যান বলেন, “ইএফডি এখন বার্নিং ইস্যু। খুচরা পর্যায় থেকে ভ্যাট সংগ্রহে এটি বিরাট সম্ভাবনাময়। কিন্তু আমরা একলাখ মেশিন বসানোর টার্গেট করলেও এ পর্যন্ত মাত্র ১০ হাজার মেশিন বসানো সম্ভব হয়েছে।

“অথচ রিটেইল পর্যায় থেকে ভ্যাট আদায় করতে হলে লাখ লাখ মেশিন বসাতে হবে। এই বিপুল মেশিনের মেনটেইন্যান্স একটি সমস্যা।”

‘বিকল্প চিন্তা-ভাবনার’ বিষয়ে কোনো আভাস না দিয়ে এক সপ্তাহের মধ্যে জানানো হবে বলে আশ্বস্ত করেন রহমাতুল মুনিম।

ব্যবসায়িক প্রতিষ্ঠানে পণ্য বেচাকেনায় দক্ষ ব্যবস্থাপনায় কম্পিউটারাইজড যন্ত্র ইএফডি ব্যবহার করা হয়। রাজস্ব বিভাগ এর মাধ্যমে ব্যাবসায়িক লেনদেন বা কেনাবেচায় সরাসরি নজর রাখতে পারে।

২০১৯ সালে নতুন ভ্যাট আইন চালুর সময় ব্যবসায়ীদের বিনামূল্যে এক লাখ ইএফডি মেশিন বিতরণের ঘোষণা দিয়েছিল এনবিআর। কিন্তু ২০২০ সালের আগস্টের আগে মেশিন বসানো শুরুই করতে পারেনি সরকার। এরপর পরীক্ষামূলকভাবে ১০ হাজার মেশিন বসানো হয়েছে।

এর মধ্যে গত সেপ্টেম্বরে এনবিআর জানিয়েছে, ব্যবসায়ীদের আর বিনামূল্যে ইএফডি মেশিন দেবে না। এককালীন বা কিস্তিতে ইএফডি মেশিন ভেন্ডরদের কাছ থেকে কিনতে হবে।

এনবিআর বলছে, দেশে বর্তমানে আড়াই লাখের বেশি প্রতিষ্ঠানের ভ্যাট নিবন্ধন আছে। এ যন্ত্র বসানো হলে প্রতিষ্ঠানের প্রকৃত লেনদেন বা বিক্রির তথ্য জানতে পারবে এনবিআর। এর মধ্যে কত অংশ ভ্যাট দেয় তা জানা যাবে। ফলে কর ফাঁকি বন্ধ হবে এবং আদায় বাড়বে।

২০১৯-২০ অর্থবছরের শুরুতে চীনা কনসোর্টিয়ামকে এক লাখ মেশিন ও ৫০০ সেলস ডেটা কন্ট্রোলারসহ ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস ম্যানেজমেন্ট সিস্টেম (ইএফডিএমএস) সরবরাহ, স্থাপন ও পরিচালনার কাজ দেয় সরকার।

প্রথমে ১০ হাজার মেশিন লাগানোর পর সেগুলো ঠিকমতো কাজ করলে বাকি ৯০ হাজার মেশিন বসানোর পাশাপাশি আরও এক লাখ মেশিন কেনার পরিকল্পনা ছিল।

ভ্যাট ফাঁকির প্রবণতার কথা তুলে ধরে এনবিআর চেয়ারম্যান বলেন, অনেকে এনবিআরের কর দাবির পরিমাণ সঠিক জেনেও মামলা করছেন। সময়ক্ষেপণ করের টাকা থেকে লাভবান হতে চান তারা।

তবে সঠিক ও যথাযথভাবে কর দাবি নিরূপণে এনবিআরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে তিনি জানান।

‘অনলাইনে ভ্যাট দিন, দেশ গড়ায় অংশ নিন’এই শ্লোগানকে সামনে রেখে শুক্রবার ঢাকাসহ সকল বিভাগীয় শহর ও কমিশনারেট কার্যালয়ে উদযাপন হবে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ।

১০ ডিসেম্বর ভ্যাট দিবস ও ১০ থেকে ১৫ ডিসেম্বর ভ্যাট সপ্তাহ উদযাপনের লক্ষ্যে নানা কর্মসূচিও জানানো হয় অনুষ্ঠানে।

ভ্যাট সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রচার কার্যক্রমের অংশ হিসেবে দেশের সব মোবাইল কোম্পানির মাধ্যমে গ্রাহকদের ১০ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত এসএমএসের মাধ্যমে অবহিত করা হবে।

ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে জাতীয় পর্যায়ে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী নয়টি প্রতিষ্ঠানকে শুক্রবার সম্মাননা দেওয়া হবে।

এনবিআর চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠানে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রধান অতিথি ও এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেবন ।

এছাড়া জেলা পর্যায়ে সংশ্লিষ্ট কমিশনারেট কর্তৃক উৎপাদন, সেবা ও ব্যবসায়ী পর্যায়ে তিনটি প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হবে।

Share if you like

Filter By Topic