ভাসানচর থেকে পালানোর সময় ১২ রোহিঙ্গা আটক


FE Team | Published: June 11, 2021 16:49:02 | Updated: June 12, 2021 15:33:31


ভাসানচর থেকে পালানোর সময় ১২ রোহিঙ্গা আটক

নোয়াখালীর ভাসানচর থেকে পালানোর সময় নারী-শিশুসহ ১২ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।

জেলার কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আবুল কালাম আজাদ জানান, এলাকাবাসীর কাছে খবর পেয়ে কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী দক্ষিণ ঘাট থেকে শুক্রবার সকালে পুলিশ তাদের আটক করে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে জানিয়ে তিনি বলেন, আটককৃতদের বয়স এক বছর থেকে ৮৩ বছরের মধ্যে। মামলার পর তাদের আদালতে পাঠানো হবে। আদালতের নির্দেশ অনুযায়ী পরের পদক্ষেপ নেবে পুলিশ।

আটককৃতদের মধ্যে চারজন নারী, চারজন শিশু ও চারজন পুরুষ রয়েছেন বলে তিনি জানান।

এর আগে গত ১৯ মে ভাসানচর থেকে পালানোর সময় নোয়াখালীর সুবর্ণচরে দুই রোহিঙ্গা কিশোরীকে আটক করে পুলিশে দেয় স্থানীয় লোকজন।

Share if you like