Loading...
The Financial Express

ভারতে কোভিড রোগীদের ৫ থেকে ১০ শতাংশ যাচ্ছেন হাসপাতালে

| Updated: January 11, 2022 17:16:46


ছবিঃ রয়টার্স ছবিঃ রয়টার্স

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের বিস্তারের মধ্যে ভারতে এখন সক্রিয় কোভিড রোগীদের ৫ থেকে ১০ শতাংশকে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হচ্ছেন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার এ তথ্য প্রকাশ করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

হাসপাতালে ভর্তির হার তুলনামূলকভাবে কম দেখালেও যে কোনো সময় দ্রুত পরিস্থিতি বদলে যেতে পারে জানিয়ে রাজ্য সরকারগুলোকে সতর্ক থাকতে বলেছে ভারতের কেন্দ্রীয় সরকার।

স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ বলেছেন, রোগী বেড়ে গেলে যাতে পরিস্থিতি সামাল দেওয়া যায়, সেজন্য হাসপাতালে পর্যাপ্ত রসদের পাশাপাশি কর্মীদের উপস্থিতিও নিশ্চিত করতে হবে। পাশাপাশি এখন যারা কোভিডে আক্রান্ত হয়ে বাসায় বা হাসপাতালে আইসোলেশনে আছেন, তাদের পর্যবেক্ষণে রাখতে হবে।

ডেল্টা ভ্যারিয়েন্টের দাপটের মধ্যে গতবছর মার্চ-মে মাসে সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে আক্রান্তদের ২০ থেকে ২৩ শতাংশকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

এখন ছড়াতে থাকা ওমিক্রন ধরনটি ডেল্টার চেয়ে অনেক বেশি সংক্রামক হলেও গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির ঝুঁকি তুলনামূলকভাবে কম বলে প্রাথমিক গবেষণায় দেখা যাচ্ছে।

তবে রোগীর চাপ অনেক বেশি বেড়ে গেলে এবং হাসপাতালে কর্মী সংকট দেখা দিলে বড় বিপর্যয় তৈরি হবে সতর্ক করে আসছেন বিশেষজ্ঞরা।

গত ১৪ দিনে ভারতে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা ২৮ গুণ বেড়েছে। অবশ্য সোমবার এক দিনে শনাক্ত রোগী আগের দিনের চেয়ে সামান্য কমেছে।

সোমবার পুরো ভারতে ১ লাখ ৬৮ হাজার ৬৩ জন নতুন রোগী শনাক্ত হয়েছে, যা আগের দিনের চেয়ে ৬ দশমিক ৪ শতাংশ কম। রোবার ১ লাখ ৭৯ হাজারের বেশি মানুষের শরীরে সংক্রমণ ধরা পড়েছিল।

দৈনিক শনাক্তের হারও আগের দিনের ১৩ দশমিক ২৯ শতাংশ থেকে কমে ১০ দশমিক ৬৪ শতাংশ হয়েছে।

১৩০ কোটি মানুষের এ দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা পৌঁছেছে ৩ কোটি ৫৮ লাখে। গত এক দিনে আরও ২৭৭ জন কোভিড রোগীর মৃত্যুতে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪ লাখ ৮৪ হাজার ২১৩ জন।

দেশটিতে সক্রিয় কোভিড রোগীর সংখ্যা ৮ লাখ ২১ হাজার ছাড়িয়ে গেছে। শনাক্ত রোগীদের মধ্যে যাদের নমুনা থেকে ভাইরাসের জিনোম সিকোয়েন্স করা হয়েছে, তাদের ৪ হাজার ৪৬১ জনের মধ্যে ওমিক্রনের সংক্রমণ ধরা পড়েছে।

Share if you like

Filter By Topic