ভারতের প্রতিরক্ষা প্রধানকে নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত


এফই অনলাইন ডেস্ক | Published: December 08, 2021 16:28:06 | Updated: December 08, 2021 18:06:31


ভারতের প্রতিরক্ষা প্রধানকে নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত

ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতসহ ১৪ জনকে বহনকারী একটি সামরিক হেলিকপ্টার তামিল নাড়ুতে বিধ্বস্ত হয়েছে বলে খবর দিয়েছে দেশটির বিমানবাহিনী।

এনডিটিভি জানিয়েছে, বুধবার দুপুরে এ দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে পাঁচজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, দুজনকে আহত অবস্থায় পাঠানো হয়েছে হাসপাতালে। তবে দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি।

ভারতীয় বিমান বাহিনী এক টুইটে জানিয়েছে, তাদের এমআই-সেভেনটিন হেলিকপ্টারটিতে জেনারেল রাওয়াতও ছিলেন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে তারা। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

দুর্ঘটনার খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকে জানানো হয়েছে।

কোইমবাটোরের সুলুরের সেনা ঘাঁটি থেকে নীলগিরির ওয়েলিংটনের ডিফেন্স স্টাফ কলেজে যাওয়ার পথে কুনুরে কপ্টারটি দুর্ঘটনায় পড়ে।

ওই কপ্টারে রাওয়াতের সঙ্গে তার স্ত্রীও ছিলেন। তাদের সর্বশেষ অবস্থা জানা যায়নি।

আনন্দবাজার জানিয়েছে, এমআই ১৭ভি৫ হেলিকপ্টারটি কুনুরের গভীর জঙ্গলের ওপর আছড়ে পড়ার পরপরই তাতে আগুন ধরে যায়।

ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে দেখানো ফুটেজে পাহাড়ের ধারে ছড়ানো ছিটানো কপ্টারের ধ্বংসাবশেষ দেখা গেছে। গাঢ় ধোঁয়া, আগুন ও উপড়ানো গাছের কারণে উদ্ধারকর্মীদের বেশ বেগ পেতে হচ্ছে।

৬৩ বছর বয়সী জেনারেল রাওয়াত ২০১৯ সালের জানুয়ারিতে ভারতের প্রথম প্রতিরক্ষা প্রধান বা চিফ অব ডিফেন্স স্টাফের দায়িত্ব নেন; সেনা, নৌ ও বিমানবাহিনীর মধ্যে সমন্বয় সাধনের জন্যই পদটি বানানো হয়েছে।

রাওয়াতকে পরে নতুন সৃষ্ট সামরিক বিষয়ক বিভাগের প্রধান হিসেবেও নিয়োগ দেওয়া হয়।

বিস্তারিত আসছে....

Share if you like