উদ্বোধনী জুটিতেই ৭৪ রান। শেফালি ভার্মা তখন চেনা আগ্রাসী চেহারায়, আরেক প্রান্তে থিতু স্মৃতি মান্ধানা। ভারত পেয়ে গেল বড় স্কোরের ভিত। কিন্তু কোনো রান না দিয়েই ৩ উইকেট বাংলাদেশ ঘুরে দাঁড়াল দারুণভাবে। এরপর ব্যাট-বলের জমে উঠল দারুণ। শেষ দিকে দ্রুত রান তুলে শেষ পর্যন্ত ভারত গড়তে পারল মাঝারি স্কোর। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৫০ ওভারে ভারতের রান ৭ উইকেটে ২২৯।
ভারতের যে বোলিং আক্রমণ, তাতে এই রান তাদের জন্য জয়ের মতোই। তবে বাংলাদেশও অনুভব করবে, লক্ষ্যটা নাগালের বাইরে নয়।
হ্যামিল্টনে টস জিতে ব্যাটিংয়ে নামা ভারত শুরুটা করে সাবধানে। দ্বিতীয় ওভারে জাহানারা আলমের বলে স্মৃতি মান্ধানা দুটি চার মারলেও পরে একটু গুটিয়ে যান। বিধ্বংসী বলে পরিচিত শেফালি ভার্মা শুরুতে ১৩ বলে করেন ৪ রান।
বাঁহাতি স্পিনার নাহিদা আক্তারের এক ওভারে ছক্কা ও চার মেরে হাত খোলেন শেফালি। ১৮ বছর বয়সী ব্যাটার পরের ওভারে জাহানারাকে মারেন তিনটি চার। ফর্মে থাকা স্মৃতিকে মনে হচ্ছিল, আরেকটি বড় ইনিংসের জন্য প্রস্তুত।
বাংলাদেশ প্রথম উইকেটের দেখা পায় ১৫তম ওভারের শেষ বলে। নাহিদার একটি নিরীহ শর্ট বলে টাইমিং ঠিক করতে না পেরে ক্যাচ দেন স্মৃতি (৫১ বলে ৩০), ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে নিচু হয়ে ক্যাচ নেন ফারজানা হক।
উদ্বোধনী জুটি ভাঙতেই আরেকটি সাফল্য। এবার রিতু মনির বলে শেফালি স্টাম্পড হন ৪২ বলে ৪২ রান করে। পেসারের বলেও স্টাম্প ঘেঁষে কিপিং করতে থাকা নিগার দারুণ দক্ষতায় উড়িয়ে দের বেলস।
পরের বলেই আবার উল্লাসে ভাসেন রিতু। মেয়েদের ক্রিকেটের মহাতারকা ও ৭ হাজার ওয়ানডে রান করা একমাত্র ব্যাটার মিতালি রাজ প্রথম বলেই সহজ ক্যাচ দেন কাভারে।
বিনা উইকেটে ৭৪ থেকে ভারতের রান তখন ৩ উইকেটে ৭৪।
স্বস্তিকা ভাটিয়া ও হারমানপ্রিত কৌরের ব্যাটে সেই ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করতে থাকে ভারত। সেই চেষ্টাও সফল হতে দেয়নি বাংলাদেশ। ফারজানা হকের দারুণ সরাসরি থ্রোয়ে অভিজ্ঞ হারমানপ্রিত ফেরেন ৩৩ বলে ১৪ রান করে।
১০৮ রানে ৪ উইকেট হারানো দলকে উদ্ধার করে স্বস্তিকা ও রিচা ঘোষের জুটি। পঞ্চম উইকেটে দুজনে যোগ করেন ৬৯ বলে ৫৪ রান।
রিচা ২৫ রানে নিগারের হাতে জীবন পেলেও ২৬ রানে ধরা পড়েন নিগারের হাতেই। স্বস্তিকা ফিফটি ছুঁয়েই রান বাড়ানোর চেষ্টায় আউট হয়ে যান রিতু মনির বলে (৮০ বলে ৫০)। শর্ট ফাইন লেগে ভালো ক্যাচ নেন নাহিদা।
শেষ দিকে পুজা ভাস্ত্রাকার ও স্নেহ রানার ব্যাটে দ্রুত রান বাড়ায় ভারত। ৩৮ বলে ৪৮ রানের জুটি গড়েন দুজন। ২৩ বলে ২৭ রান করে স্নেহ রানা আউট হন শেষ ওভারে। পুজা অপরাজিত থেকে যান ৩৩ বলে ৩০ রানে। শেষ ৫ ওভারে ভারত তোলেন ৪৫ রান।
৩ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার পেসার রিতু মনি। তবে অভিজ্ঞ পেসার জাহানারা পারেননি ভালো করতে, ফারিহা তৃষ্ণার জায়গায় সুযোগ পেয়ে লতা মণ্ডলও পারেননি প্রভাব রাখতে।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ৫০ ওভারে ২২৯/৭ (স্মৃতি ৩০, শেফালি ৪২, স্বস্তিকা ৫০, মিতালি ০, হারমানপ্রিত ১৪, রিচা ২৬, পুজা ৩০*, স্নেহ রানা ২৭, ঝুলন ২*; সালমা ৮-১-২৩-০, জাহানারা ৪-০-৫২-১, নাহিদা ৯-০-৪২-২, রিতু মনি ১০-২-৩৭-৩, রুমানা ৮-১-২৭-০, লতা ৪-০-২০-০, ফাহিমা ৩-০-২২-০)।