ফেব্রুয়ারিতে ইউক্রেইনে আগ্রাসন শুরু করে রাশিয়া। তখন থেকেই শোনা যাচ্ছে রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র বেলারুশ এই যুদ্ধে যে কোনো সময় যোগ দিতে পারে। সম্প্রতি দেশটির সেনাবাহিনীর বড় ধরনের সামরিক মহড়া ওই আশঙ্কাকে আরো উসকে দিয়েছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
বুধবার থেকে বেলারুশ বৃহৎ আকারে সামরিক মহড়া শুরু করেছে বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স। যদিও দেশটির সরকার বলছে, সামরিক বাহিনী কতটা প্রস্তুত আছে সেটা পরীক্ষা করতে তারা এই মহড়ার আয়োজন করেছে। প্রতিবেশী ইউক্রেইনকে হুমকি দেওয়া তাদের উদ্দেশ নয়।
কয়েক মাস আগে রাশিয়াও বেলারুশের সঙ্গে সামরিক মহড়া করার কথা বলে ইউক্রেইন সীমান্তে সেনা জড় করেছিল এবং পশ্চিমাদের শঙ্কাকে সত্যি প্রমাণ করে একসময় ইউক্রেইনে আক্রমণ করে বসে।
এবার বেলারুশের সেনা মহড়া শুরুর দিনই তাই ইউক্রেইন বলেছে, কিইভ প্রস্তুত আছে।
ইউক্রেইন স্টেট বর্ডার সার্ভিস মুখপাত্র বুধবার বলেন, ‘‘রাশিয়া ইউক্রেইনের বিরুদ্ধে বেলারুশের ভূমি ব্যবহার করতে পারে, বেলারুশের সেনাবাহিনী ব্যবহার করতে পারে। আমরা সেই সম্ভাবনাকে উড়িয়ে দিতে পারি না।
‘‘তাই আমরা প্রস্তুত আছি।”
গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকেই বেলারুশ সীমান্তে শক্তিবৃদ্ধি করা হয়েছে বলেও জানান তিনি।
আগ্রাসনের শুরুতে রাশিয়া বেলারুশ সীমান্তবর্তী ইউক্রেইনের অংশে আক্রমণ করেছিল। কিন্তু এখন পূর্ব ও দক্ষিণপূর্ব ইউক্রেইন দখলের দিকে তারা অধিক মনযোগ দিচ্ছে।
