Loading...

বৃষ্টি বাড়ছে, উত্তরাঞ্চলে বন্যার আশঙ্কা


Representational image Representational image

কয়েকদিনের ভারি বর্ষণের পর বিরতি দিয়ে আবারও টানা বর্ষণের আভাস মিলেছে, আর তা উত্তরাঞ্চলে বন্যার আশঙ্কাও জাগিয়ে তুলেছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

করোনাভাইরাস মহামারী নিয়ন্ত্রণের লকডাউনে অনেকটা নিশ্চল জনপদে চলতি জুলাই মাসের আবহাওয়ার পূর্বাভাসে এই শঙ্কার কথা জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমী বায়ু দেশের উপর মোটামুটি সক্রিয় রয়েছে। টানা কয়েকদিন ধরে ভারি বর্ষণের পর এর প্রবণতা এখন কিছুটা কমলেও পরবর্তী পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কুমিল্লায় ১১৬ মিলিমিটার। এ সময় ঢাকায় বৃষ্টিপাত ৪৩ মিলিমিটার।

সোমবারের পূর্বাভাসে দেশের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমেদ বলেন, এ মাসে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। এ সময় বঙ্গোপসাগরে ১-২টি বর্ষাকালীন লঘুচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে একটি নিম্নচাপে পরিণত হতে পারে।

বন্যার বিষয়ে তিনি বলেন, ভারি বর্ষণের কারণে এ মাসে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল, উত্তর-পশ্চিমাঞ্চল, উত্তর-মধ্যাঞ্চল ও মধ্যাঞ্চলের কিছু স্থানে স্বল্প থেকে মধ্য মেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি বৃদ্ধি আগামী ৭২ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। গঙ্গা-পদ্মা অববাহিকায় পানি আগামী ২৪ ঘণ্টা স্থিতিশীল থাকতে পারে। উত্তর পূর্বাঞ্চলে মেঘনা অববাহিকায় পানি কমতে পারে।

উত্তরাঞ্চল তিস্তার পানি উজানে থেকে নেমে আসা ঢলে ইতোমধ্যে বেড়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নীলফামারী প্রতিনিধি জানিয়েছেন। তবে তা এখনও বিপদসীমার নিচে রয়েছে।

রোববার দুপুর ৩টায় তিস্তা ব্যারাজের নীলফামারীর ডালিয়া পয়েন্টে পানি বিপদসীমার ১৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। সকালে পানি ছিল বিপদসীমার ৮ সেন্টিমিটার নিচে।

শনিবার সারাদিন নদীর পানি বিপদসীমার ২৫ সেন্টিমিটার নিচে ছিল।

Share if you like

Filter By Topic