Loading...

বিশ্বের দ্রুততম মানবের সঙ্গে সেমি-ফাইনালে বাংলাদেশের ইমরানুর

| Updated: March 20, 2022 13:58:03


বিশ্বের দ্রুততম মানবের সঙ্গে সেমি-ফাইনালে বাংলাদেশের ইমরানুর

দেশের দ্রুততম মানব তিনি। এই প্রথম তার হাত ধরেই বিশ্ব অ্যাথলেটিক্স ইনডোর চ্যাম্পিয়নশিপে অংশ নিল বাংলাদেশ। অভিষেকেই বিস্ময় উপহার দিয়েছেন লন্ডন প্রবাসী ইমরানুর রহমান। হিট পেরিয়ে ৬০ মিটার স্প্রিন্টে সেমি-ফাইনালে জায়গা করে নিয়েছেন ২৮ বছর বয়সী এই অ্যাথলেট।

সার্বিয়ার বেলগ্রেডে শনিবার পাঁচ নম্বর হিটে দৌড়ান ইমরানুর। ৬ দশমিক ৬৪ সেকেন্ড সময় নিয়ে জাতীয় রেকর্ড গড়ে সেমি-ফাইনালে উঠেছেন তিনি। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

পাঁচ নম্বর হিটে সেরা হয়েছেন বিশ্বের দ্রুততম মানব মার্সেল জেকবস। ৬ দশমিক ৫৩ সেকেন্ড সময় নিয়েছেন ২০২০ টোকিও অলিম্পিকে সবাইকে চমকে দিয়ে ১০০ মিটার স্প্রিন্টে সেরা হওয়া এই ইতালিয়ান অ্যাথলেট। এই হিট পেরিয়ে সেমি-ফাইনালে ওঠা ত্রিনিদাদ অ্যান্ড টোবাকোর জেরড ইলককের টাইমিং ৬ দশমিক ৬৩ সেকেন্ড।

এই হিটে দক্ষিণ এশিয়ান গেমসের দ্রুততম মানব মালদ্বীপের সাঈদ ৬ দশমিক ৮৭ সেকেন্ড সময় নিয়ে ষষ্ঠ হন।

গত জানুয়ারিতে জাতীয় অ্যাথলেটিক্সে ১০০ মিটারে সেরা হন ইমরানুর। বাংলাদেশ আর্মি স্টেডিয়ামের ট্র্যাকে দৌড় শেষ করেন ১০ দশমিক ৫০ সেকেন্ডে (হ্যান্ড টাইমিং)। সেরা হওয়ার পথে ২১ বছরের পুরান রেকর্ডও ভাঙেন তিনি। জাতীয় অ্যাথলেটিক্সে আগের রেকর্ডটি ১৯৯৯ সালে মাহবুব আলম গড়েছিলেন ১০ দশমিক ৫৪ সেকেন্ড সময় নিয়ে।

২০১৪ ও ২০১৬ সালে ব্রিটিশ ইউনিভার্সিটি ইনডোর অ্যাথলেটিক্সে ৬০ মিটার স্প্রিন্টে প্রথম হন ইমরানুর। এ বছর লি ভ্যালি অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় ১০০ মিটারে প্রথম হন ১০ দশমিক ২৭ সেকেন্ড সময় নিয়ে। ১৯৯৩ সালে জন্ম নেওয়া ইমরানুরের পৈতৃক নিবাস সিলেট জেলার জালালপুর গ্রামে।

Share if you like

Filter By Topic