বিশ্বকাপে ব্যর্থতার অংশ শুধু ক্রিকেটাররা নয়, সংশ্লিষ্ট সবাই: মুশফিক


FE Team | Published: November 17, 2021 22:22:09 | Updated: November 18, 2021 16:54:58


মুশফিকুর রহিম

টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাটিংয়ের জন্য যতটা, মুশফিকুর রহিম তার চেয়ে বেশি সমালোচিত হয়েছেন সম্ভবত 'সমালোচনাকারীদের' আয়নায় মুখ দেখতে বলার জন্য। গত ২৪ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের পর সংবাদ সম্মেলনে আলোচিত এই মন্তব্যটি করেছিলেন মুশফিক।

বুধবার এক সাক্ষাৎকারে সেই কথাটি এবার আরেকটু বিশদভাবে ব্যাখ্যা করলেন দেশের অভিজ্ঞ ক্রিকেটার। মুশফিকের দাবি, তার কথার সুর ছিল ক্রিকেটের সীমানা ছাড়িয়ে আরও বাইরে, খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

আমি ইঙ্গিত দিতে চেয়েছি, শুধু আমি নই বা যারা বলেছেন, তারাই নয়, জাতি হিসেবে যদি আমরা সবাই নিজেদের একটু যদি আয়নার সামনে দেখতে পারি, সেটা মানুষ হিসেবেই উচিত। আজকে আমি খারাপ খেলছি দেখে আমাকে বলবেন, কালকে ভালো খেললে তালি দেবেন, এটা এসবের অংশ নয়। সেদিক থেকে বলেছি।

এখন কেউ যদি এটা ব্যক্তিগতভাবে নিয়ে থাকেন বা অন্যভাবে বলে থাকেন, তাহলে আমি মনে করি আমি যেহেতু ওভাবে বলিনি, সেক্ষেত্রে কে কী মনে করল, এটায় আমার কিছু করার নেই।

তিনি পাকিস্তান সিরিজের টি-টোয়েন্টি দলে তার না থাকা, বিশ্বকাপে নিজের ও দলের ব্যর্থতাসহ অনেক কিছু নিয়েও কথা বলেন। মুশফিকের মতে, বিশ্বকাপে দলের ব্যর্থতার অংশ শুধু ক্রিকেটাররা নয়, সংশ্লিষ্ট সবাই।

আমরা খারাপ করায় মিডিয়া বা দেশের মানুষ, সবারই খারাপ লেগেছে। তবে আপনারাও কিন্তু একটা অংশ। সবারই ব্যর্থতার অংশ এটি। এই উপলব্ধি থাকা উচিত। আমাদের যতটা খারাপ লেগেছে, অন্যদের হয়তো অতটা থাকবে না। তবে এটা সামগ্রিক একটা ব্যর্থতা।

আমার কাছে মনে হয়, ব্যর্থতার জায়গাটায় যদি আমরা সবাই একসঙ্গে কাজ করতে পারি, পরস্পরের পাশে থাকি, তাহলে সময়টা দ্রুত পার হবে।

Share if you like