দশ বছরের কারাদণ্ড মাথায় নিয়ে বিদেশে গেছেন আওয়ামী লীগের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম।
অবৈধ সম্পদ অর্জনে দুদকের মামলায় দণ্ডিত এ রাজনীতিবিদ শনিবার থাইল্যান্ড গেছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সচিব মহিউদ্দিন মাহমুদ বেলাল। চিকিৎসা শেষে ৫ মে হাজী সেলিম দেশে ফিরে আসবেন বলে জানান তিনি।
বেলাল বলেন, স্যার চিকিৎসার জন্য ব্যাংকক গিয়েছেন। আর ব্যাংকক তো গিয়েছেন শনিবার। তিনি ট্রিটমেন্ট শেষে, ৫ তারিখে দেশে ফিরবেন।"
পালিয়ে যাওয়া নিয়ে গুঞ্জন প্রসঙ্গে তিনি বলেন, "উনি কেন পালাবেন, দেশে এসে তিনি আত্মসমর্থন করবেন। আইনের প্রতি স্যার শ্রদ্ধাশীল। আত্মসমর্থনের আগে ট্রিটমেন্ট করে নিচ্ছেন।" খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
২০২১ সালের ৯ মার্চ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুই যুগ আগের একটি মামলায় আওয়ামী লীগের সংসদ সদস্য হাজী সেলিমের ১০ বছরের কারাদণ্ড বহাল রাখে হাই কোর্ট।
সোমবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবি খুরশীদ আলম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হাজী সেলিমের দেশত্যাগের বিষয়ে আমরা কিছুই জানি না। ওনি কীভাবে যেতে পারলেন তা আমাদের প্রশ্ন। উনি একজন সাজাপ্রাপ্ত আসামি, তার যাওয়ার আইনি কোনো সুযোগ নেই। উনার তো আদালতে আত্মসমর্পন করার কথা ছিল।"
দুদকের করা যে অবৈধভাবে সম্পদ অর্জনের মামলায় পুরান ঢাকার আওয়ামী লীগ নেতা হাজী সেলিমের সাজা হয়েছে, সেটি দায়ের করা হয়েছিল ২০০৭ সালের ২৪ অক্টোবর- সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার আমলে জরুরি অবস্থার মধ্যে। পরের বছর ২৭ এপ্রিল বিশেষ আদালত তাকে দুই ধারায় মোট ১৩ বছরের কারাদণ্ড দেয়।
পাশাপাশি জ্ঞাত আয় সম্পদ অর্জনে সহযোগিতার দায়ে হাজী সেলিমের স্ত্রী গুলশান আরা বেগমকে দণ্ডবিধির ১০৯ ধারায় তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়।
হাজী সেলিম ও তার স্ত্রী ওই রায়ের বিরুদ্ধে হাই কোর্টে আপিল করলে ২০১১ সালের ২ জানুয়ারি উচ্চ আদালত তাদের সাজা বাতিল করে রায় দেয়। দুদক তখন সর্বোচ্চ আদালতে আপিল করে।
ওই আপিলের শুনানি শেষে ২০১৫ সালের ১২ জানুয়ারি হাই কোর্টের রায় বাতিল হয়ে যায়। সেই সঙ্গে হাজী সেলিমের আপিল পুনরায় হাই কোর্টে শুনানির নির্দেশ দেয় আপিল বিভাগ।
সেই শুনানি শেষে ২০২১ সালের ৯ মার্চ হাই কোর্ট বেঞ্চ একটি ধারায় হাজী সেলিমের ১০ বছরের সাজা বহাল রাখে এবং অন্য ধারায় ৩ বছরের সাজা থেকে তাকে অব্যাহতি দেয়।
আর আপিল বিচারাধীন থাকা অবস্থায় মারা যাওয়ায় বিচারিক আদালতের রায়ে দণ্ডিত হাজী সেলিমের স্ত্রী গুলশান আরা বেগমের আপিলটি বাতিল করা হয়।
ঢাকা-৭ আসনের সংসদ সদস্য ব্যবসায়ী হাজী সেলিম আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণের উপদেষ্টমণ্ডলীতে রয়েছেন। বিগত কমিটিতে তিনি সদস্য ছিলেন। তার আগে অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন তিনি।