Loading...

বিজিবির নতুন প্রধান মেজর জেনারেল সাকিল

| Updated: February 19, 2022 11:32:08


মেজর জেনারেল সাকিল আহমেদ মেজর জেনারেল সাকিল আহমেদ

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নতুন মহাপরিচালকের দায়িত্ব পেয়েছেন মেজর জেনারেল সাকিল আহমেদ, যিনি এতদিন বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

সীমান্তরক্ষী বাহিনীতে তিনি মেজর জেনারেল মো. সাফিনুল ইসলামের স্থলাভিষিক্ত হচ্ছেন, যিনি ২০১৮ সালের মার্চে এ দায়িত্বে এসেছিলেন। অবসরের সময় ঘনিয়ে আসায় সাফিনুলকে বিজিবি থেকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হচ্ছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

জনপ্রশাসন মন্ত্রণালয় বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে জানিয়েছে, বিজিবি মহাপরিচালক পদে এই রদবদল ‘অবিলম্বে’ কার্যকর হবে।

চলতি বছরের জানুয়ারিতে অ্যাডজুটেন্ট জেনারেলের দায়িত্ব পাওয়ার আগে মেজর জেনারেল সাকিল আহমেদ ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ছিলেন। তার আগে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক ছিলেন তিনি।

সেনাবাহিনীতে ৩৩ বছরের ক্যারিয়ারে ৯৯তম কম্পোজিট ব্রিগেডের কমান্ডার এবং প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কমান্ডিং অফিসারের দায়িত্বও সামলে এসেছেন প্রতিরক্ষা গোয়েন্দা মহা-পরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক এই পরিচালক।

১৯৬৮ সালের ১৯ ডিসেম্বর জন্ম নেওয়া সাকিল আহমেদ ১৯৮৮ সালে বিএমএর অষ্টাদশ লং কোর্সের ক্যাডেট হিসেবে সেনাবাহিনীর পদাতিক কোরে কমিশন পান। পূর্বসূরি সাফিনুলের মত তিনিও জয়পুরহাটের সন্তান।

Share if you like

Filter By Topic